ট্রাম্পের বিরুদ্ধে আনা ভোটাভুটির প্রস্তাব স্থগিত মার্কিন কংগ্রেসে, তীব্র ক্ষোভ বিরোধীদের
ওয়াশিংটন, ২২ মে : ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণের লক্ষ্যে মার্কিং কংগ্রেসের ভোটাভুটির প্রস্তাব এনেছিলেন বিরোধী ডেমোক্র্যাটরা। শুধু তাই নয়, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে একটি নিন্দাসূচক মন্তব্যও ছিল ওই প্রস্তাবে। আর সেই ভোটাভুটিতে তৈরি হয়েছিল হারের আশঙ্কা। তাই মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসে ইরান যুদ্ধ সম্পর্কিত ভোটাভুটি বাতিল করল শাসকদল রিপাবলিকান পার্টি। এ নিয়েই তীব্র ক্ষোভপ্রকাশ করেছে ডেমোক্র্যাটরা।
নিউ ইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিকস হাউস অফ রিপ্রেজেনটেটিভসে ওই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। মিকস বৈদেশিক সম্পর্ক বিষয়ক হাউস কমিটির সদস্য। সে সময় রিপাবলিকান পার্টির সদস্যদের বড় অংশ অনুপস্থিত থাকায় ভোটাভুটি নিয়ে আপত্তি তোলেন ট্রাম্প অনুগামীরা। তা মেনে নিয়ে ভোট স্থগিত রাখা হয়! হাউসের তিন শীর্ষ ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস, হুইপ ক্যাথরিন ক্লার্ক এবং ককাস চেয়ার পিট অ্যাগুইলার ভোট বাতিলের এই পদক্ষেপের সমালোচনা করে যৌথ বিবৃতিতে বলেন, ‘রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস ট্রাম্প প্রশাসনের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠানের মতো আচরণ করে চলেছে।’ এই যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘রিপাবলিকানরা কাপুরুষের মতো একটি নির্ধারিত ওয়ার পাওয়ারস রেজ়োলিউশনের ভোট প্রত্যাহার করেছে— এমন একটি আইন, যা দ্বিদলীয় সমর্থনে পাশ হত এবং প্রেসিডেন্টকে পশ্চিম এশিয়ার সংঘাত শেষ করতে বাধ্য করত।’
হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার তথা রিপাবলিকান নেতা মাইক জনসন জানিয়েছেন, জুন মাসে বিষয়টি নিয়ে ভোটাভুটি হতে পারে। উল্লেখ করা যেতে পারে, ১৯৭৩ সালের যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী, মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া শুরু হওয়া যে কোনও যুদ্ধের ক্ষেত্রে (যেমনটি ইরানের সঙ্গে ক্ষেত্রে ঘটেছে) ৬০ দিনের সময়সীমা নির্ধারিত। প্রেসিডেন্ট তার ক্ষমতাবলে সামরিক পদক্ষেপের জন্য ওই সময়সীমা পর্যন্ত সামরিক পদক্ষেপ চালিয়ে যেতে পারেন। এর পর প্রেসিডেন্ট সেনা প্রত্যাহারের জন্য অতিরিক্ত ৩০ দিনের সময় নিতে পারেন। কিন্তু নতুন করে সামরিক অভিযান চালানোর জন্য যাবতীয় তথ্য-পরিসংখ্যান পেশ করে কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। এই আবহে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে এমন একটি প্রস্তাব আনে বিরোধী ডেমোক্র্যাট।