গুরুত্বপূর্ণ ভূমিকায় আলিয়া ভাট
বলিউডে এখন জোর চর্চা ‘তুম্বাদ’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে। আগেই নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, এই জনপ্রিয় হরর-ফ্যান্টাসি সিরিজের সঙ্গে যুক্ত হচ্ছেন আলিয়া ভাট। এবার জানা গেল, ‘তুম্বাদ ২’-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আলিয়ার সেই চরিত্রকেই কেন্দ্র করে তৈরি হবে ‘তুম্বাদ ৩’ । অর্থাৎ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে তাকে। ইতিমধ্যেই দ্বিতীয় ছবির শ্যুটিংয়ের কাজ শেষ করেছেন আলিয়া, এমনটাই জানা গিয়েছে। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকেই শুরু হতে পারে ‘তুম্বাদ ৩’-এর শ্যুটিং। সম্প্রতি কানস ফিল্ম ফেস্টিভেল-এর রেড কার্পেটে নজর কেড়েছেন আলিয়া। তার স্টাইল ও উপস্থিতি নিয়ে অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা চলেছে। সেই আবহেই নতুন ছবির খবর সামনে আসায় উচ্ছ্বসিত ভক্তরা। তবে এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ নিয়ে। পাশাপাশি তার হাতে রয়েছে ‘আলফা’ ছবিটিও, যা শীঘ্রই মুক্তি পাওয়ার কথা।
আনন্দিতা সরকার