আর জি কর কান্ডে প্রাক্তন বিধায়কের গ্রেফতারির দাবি তুলল নির্যাতিতার পরিবার
কলকাতা, ১৩ মে – আর জি কর কান্ডের তদন্তে সরকার কমিশন গঠন করবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় আরও তিন জনের গ্রেফতারির দাবি তুলল নির্যাতিতার পরিবার। এদের মধ্যে একজন পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ। পাশাপাশি সোমনাথ দাস এবং সঞ্জীব মুখোপাধ্যায় নামে দু’জনেরও গ্রেফতারির দাবি তুলেছে পরিবার। ওই তিন জনের গ্রেফতারি চেয়ে বুধবার শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার।
পরিবারের তরফে দাবি করা হয়েছে, নির্যাতিতার দেহের দ্বিতীয় বার ময়নাতদন্তে বাধা দেওয়া হয়েছিল। নথি পরিবারের কাছে হস্তান্তর না-করে তড়িঘড়ি দেহ দাহ করা হয়েছিল বলে অভিযোগ। ওই অভিযোগগুলির প্রেক্ষিতে প্রাক্তন বিধায়ক-সহ ওই তিন জনের গ্রেফতারির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার। আদালতে সিবিআইয়ের আইনজীবী সওয়াল করেন, “তদন্তকারী কাকে গ্রেফতার করবে, তা কেউ নির্দেশ দিতে পারে না। আমরা একটা জবাব দিতে চাই।” তখন নির্যাতিতার পরিবারের আইনজীবী পাল্টা সওয়াল করেন, “তার মানে আপনারা সময় চাইছেন। এটা ভাল যে ওঁরা ভাবনাচিন্তা করছেন। তিন জনের বিরুদ্ধে আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চেয়েছি। ঘটনার পর তিন জন সক্রিয় হয়ে গেলেন— এর মধ্যে প্রথম নির্মল ঘোষ। দ্বিতীয় সঞ্জীব মুখোপাধ্যায়। ইনি আগে বামপন্থী ছিলেন, পরে সময়ের সঙ্গে রং বদলেছেন। তারা দেহ হাইজ্যাক করে নেন।”
এবার পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বীতা করেন আর জি কর কান্ডের নির্যাতিতার মা। তিনি বুধবার বিধানসভায় শপথ নিতে যান। সেখানে তিনি বলেন, “এটা আমার কাছে সবার আগে। আমার মেয়ে আমার গোটা পৃথিবী ছিল। আমার এই জায়গাটা থাকবে মেয়ের জন্য অন্তত।”