বৃহস্পতিবার | ০৭ মে ২০২৬

পাশে থাকার বার্তা দিয়ে কালীঘাটে মমতার বাড়িতে অখিলেশ যাদব

 পাশে থাকার বার্তা দিয়ে কালীঘাটে মমতার বাড়িতে অখিলেশ যাদব

মমতার দুয়ারে অখিলেশ

কলকাতা, ৭ মে – উত্তরপ্রদেশের মডেলে বাংলার ভোটেও কারচুপি হয়েছে। বহুস্তরীয় মাফিয়াগিরি হয়েছে বঙ্গে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে, এদিন কলকাতায় এসে এমন দাবি করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বাংলায় পালাবদলের পরে বৃহস্পতিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন অখিলেশ। মমতার বাড়িতে সেই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন।

            মমতার বাসভবনে পৌঁছেই নির্বাচনে ভালো লড়াই করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে শুভেচ্ছা জানান অখিলেশ। অভিষেককে বলেন, ‘তুমি দারুণ লড়েছ।’ তারপর মমতার উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘আপনি হারেননি’। গণতন্ত্রের বাঁচানোর লড়াইয়ে তৃণমূল নেত্রীর পাশে থাকার বার্তাও দিয়েছেন অখিলেশ। সমাজবাদী পার্টির প্রধান আজ বলেন, ‘বিজেপি, কমিশন, ওদের সঙ্গীসাথী, আন্ডারগ্রাউন্ডের লোকজন মিলে পুরোটা করেছে। পুরো ভোট লুটে নিয়েছে।’ সমাজবাদী পার্টির প্রধানকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানোর সময় মমতা বলেন, ‘আমরা তো হেরে গিয়েছি।’ জবাবে অখিলেশ বলেন, ‘না না, আপনারা হারেননি।’

            মমতা ও অভিষেকের উদ্দেশ্যে সমাজবাদী পার্টির প্রধান বলেন, ‘বুলেটের মুখে ভোট করানো হয়েছে বাংলায়। সরকারি স্তরে আমলা বদল করে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল, আপনাদের হারাতে হবে।’ অখিলেশ আরও বলেন, ‘বাংলার নির্বাচনে বেইমানি হয়েছে। এইবারের নির্বাচনে মাল্টি লেয়ার মাফিয়াগিরি হয়েছে। বিজেপি, নির্বাচন কমিশন, আন্ডারগ্রাউন্ডের লোকজন মিলে এই নির্বাচন করিয়েছে। নির্বাচনে লুট করেছে। কেন্দ্রীয় বাহিনীকে বিরোধীকে হারানোর নির্দেশ দেওয়া হয়েছে। আধিকারিকদের উঁচু পদের লোভ দেখিয়ে ভোট করানো হয়েছে।’ অভিষেকের সুরেই কাউন্টিং সেন্টারের সিসিটিভি ফুটেজ দেখানোরও দাবি তোলেন অখিলেশ যাদব। তার অভিযোগ, ‘অভিষেক এবং দিদির নিরাপত্তা সঙ্কটের মুখে।’

            বুধবার আততায়ীদের গুলিতে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। এ বিষয়ে অখিলেশকে প্রশ্ন করা হলে তিনি  দাবি করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই খুনের ঘটনার জন্য দায়ী। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে (অমিত শাহ) প্রশ্ন করা উচিত, হত্যার ঘটনা কী ভাবে ঘটল।’

            বিধানসভা ভোটে এতবড় বিপর্যয়ের পরেও তৃণমূল ঘুরে দাঁড়াতে পারবে বলে আশাপ্রকাশ করেছেন অখিলেশ। প্রসঙ্গত, সোমবার বিধানসভা নির্বাচনের ফল বেরতেই দেখা যায় গেরুয়া ঝড়ে পতন হয়েছে তৃণমূল সরকারের। নিয়ম অনুযায়ী নতুন সরকার গঠন হওয়ার আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয় বিদায়ী মুখ্যমন্ত্রীকে। কিন্তু তিনি ইস্তফা দেবেন না বলে আগেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছেন, তিনি হারেননি। ভোট লুট করেছে বিজেপি। এদিন কালীঘাটে মমতার বাসভবনে এসে একই দাবি করলেন অখিলেশ যাদব। তৃণমূলনেত্রীর পাশে থাকার বার্তা দিলেন তিনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *