মঙ্গলবার | ০৫ মে ২০২৬

বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, সিদ্ধান্ত নিতে বাংলায় আসছেন শাহ

 বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, সিদ্ধান্ত নিতে বাংলায় আসছেন শাহ

কলকাতা, ৫ মে– বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার রাজ্যের নতুন সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়, বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার জন্য পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে শাহকে। এই কাজের জন্য সহকারী পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে পড়শি রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে।

            তৃণমূলের দুর্গকে দৃশ্যত দুরমুশ করে রাজ্যের শাসনক্ষমতা দখল করেছে বিজেপি। ২০৭ আসনে জিতে এখন সরকার গঠনের পথে এগোচ্ছে পদ্মশিবির। সেই বিরাট জয়ের পরে এবার বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবার নন্দীগ্রাম ও ভবানীপুরে জয়ের পরে সল্টলেকের পার্টি অফিসে যান শুভেন্দু অধিকারী। যে কোনও রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতৃত্ব। তাঁরা দলের নবনির্বাচিত প্রার্থী বা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়ে যায়। এ বার বিধানসভার অন্দরে বিজেপির ভূমিকা বদলাতে চলেছে। বিরোধী ভূমিকার বদলে বিজেপি এখন বিধানসভায় সরকারপক্ষের ভূমিকায় থাকবে। সে ক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ, এ বারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একই সঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও।

            সরকার গড়ার তোড়জোড় শুরু হলেও শপথগ্রহণের দিনক্ষণ নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছে গেরুয়া শিবির। শোনা যাচ্ছে, আগামী ৯ মে শপথ নিতে পারে নতুন মন্ত্রিসভা। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য অবশ্য এখনই কোনও দিনক্ষণ নিশ্চিত করেননি। তার সাফ কথা, “তারিখ স্থির করবেন কেন্দ্রীয় নেতৃত্বই।” সূত্রের খবর, বুধবার সকালেই কলকাতায় আসছেন অমিত শাহ। বাংলার রাজনৈতিক মানচিত্র বদলে যাওয়ার পর এখন সবার নজর কলকাতার সেই হাই-ভোল্টেজ বৈঠকের দিকে। কার মাথায় উঠবে বাংলার মুকুট? শাহী উপস্থিতিতে সেই রহস্যের যবনিকা পতন এখন শুধু সময়ের অপেক্ষা।

            এদিন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, কোথাও কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। এমন কোনও ঘটনা ঘটলে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *