বৃহস্পতিবার | ৩০ এপ্রিল ২০২৬

ছাব্বিশে ২২৬ পেরোবে তৃণমূল, বার্তা মমতার

 ছাব্বিশে ২২৬ পেরোবে তৃণমূল, বার্তা মমতার

কলকাতা, ৩০ এপ্রিল-  ভোট মিটতেই সামনে এসেছে বুথ ফেরত সমীক্ষা। আর যে ক’টি সমীক্ষা হয়েছে তার মধ্যে বেশিরভাগ সমীক্ষাই এগিয়ে রেখেছে বিজেপিকে। সেই সমীক্ষা নিয়ে এবার সমাজমাধ্যমে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, টাকা দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে ওই সমীক্ষার ফল দেখাতে বাধ্য করেছে বিজেপি। মমতার মন্তব্য, ‘ছাব্বিশের নির্বাচনে আমরা ২২৬-এর ওপরে পৌঁছে যাব।’ পাল্টা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কটাক্ষ, ‘৩২১-এও পৌঁছে যেতে পারে।’

            বুধবার বাংলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্বের পরেই বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ফল সামনে আসে। বেশিরভাগ সমীক্ষায় দেখা যায়, বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতায় আসতে চলেছে। এসব উড়িয়ে অবশ্য চতুর্থবার বড়সড় ব্যবধানে জয় নিয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দীর্ঘ ৯ মিনিটের ভিডিও বার্তায় তার সাফ কথা, ‘ছাব্বিশে আমরা ২২৬ আসন পাব, সেটা ২৩০-ও হতে পারে।’ তৃণমূলনেত্রীর অভিযোগ, ‘আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে, গতকাল বেলা ১টা ৮ মিনিটে বিজেপির অফিস থেকে সেই সার্কুলার জারি করা হয়েছে। টাকা দিয়ে বলা হয়েছে ওটা দেখাতে। জোর করে সংবাদমাধ্যমকে এটা করতে বাধ্য করা হয়েছে।’

ওই ভিডিওবার্তা মমতা আরও বলেন, ‘আসলে ওরা (বিজেপি) ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স দিয়ে চমকাতে অভ্যস্ত। গতকাল (বুধবার) কেন্দ্রীয় বাহিনী খুব অভব্য আচরণ করেছে। মেয়েদের, বাচ্চাদের মেরেছে। পুলিশ, যারা এতদিন আমার হাতে ছিল না, তারাও একতরফাভাবে মারধর করেছে বলে অভিযোগ পেয়েছি। এসব করেও তো ওরা মানুষের নিজের অধিকার প্রয়োগ থেকে মানুষকে আটকাতে পারেনি। আমার কাছে নির্দিষ্ট তথ্য আছে যে সত্যিটা বেরলে শেয়ার বাজারে ধস নামবে। সেটা আটকাতে ওরা মিডিয়াকে দিয়ে এসব সমীক্ষার রিপোর্ট বের করেছে। এটা ওদের শেষ চেষ্টা। নিশ্চিন্ত থাকুন, মা-মাটি-মানুষের সরকারই গঠিত হবে। ভোটবাক্সে নিজেরাই জব্দ হয়ে গেছে।’

উদয়নারায়ণপুরে এক ভোটারের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করে শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘উদয়নারায়ণপুরে যে ভদ্রলোক ভোট দিতে গিয়ে মারা গেলেন, তার পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই।’ ইভিএম কারচুপির বিষয়েও আশঙ্কাপ্রকাশ করেছেন মমতা। দলের প্রার্থীদের তার সুনির্দিষ্ট বার্তা, ভোটগণনার দিন যতক্ষণ না মমতা নিজে সাংবাদিক বৈঠকে জয় ঘোষণা করবেন, ততক্ষণ যেন গণনা টেবিল ছেড়ে কেউ না ওঠেন, তা বারবার করে বললেন নেত্রী। তৃণমূল কর্মীদের প্রতি তার বার্তা, ‘শান্ত, সংযত থাকবেন। আইন হাতে তুলে নেবেন না। ওরা অত্যাচার করছে জানি। দিকে দিকে আমাদের নেতা-কর্মীদের উপর মারধর করেছে। তা সত্ত্বেও বলব, এর জবাব আমরা দেব। আপনারা কোনও অবস্থায় নিজেরা আইন হাতে তুলে নেবেন না।’ সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, ‘আমরা ২২৬ ক্রস করব। ২৩০-ও পেয়ে যেতে পারি। মানুষ যেভাবে ভোট দিয়েছেন, আমার পুরো ভরসা রয়েছে।’

তৃণমূলনেত্রীর এই ভিডিওবার্তাকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘৩২১-ও পেতে পারে তৃণমূল।’ এরপরেই তিনি বলেন, ‘তৃণমূলের খেলা এবার শেষ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *