পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ না করলে চুক্তি নয়, ইরানকে বার্তা ট্রাম্পের
ওয়াশিংটন, ৩০ এপ্রিল : পারমাণবিক কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে ইরানকে, নাহলে কোনও চুক্তি সম্ভবপর নয়, বুধবার এমনই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ইরানের বিরুদ্ধে মার্কিন নৌবাহিনী হরমুজ় প্রণালীতে যে ‘অবরোধ’ শুরু করেছে, সেটিও দুর্দান্ত পদক্ষেপ বলেই মনে করছেন তিনি।
সম্প্রতি সমাজমাধ্যমে ট্রাম্প সমর্থকেরা একটি মানচিত্র সরিয়ে দিতে শুরু করেছেন। ইরানের হরমুজ প্রণালীর নাম বদল করে সেখানে লেখা হয়েছে ট্রাম্প প্রণালী। আবার বৃহস্পতিবার সকালে (ভারতীয় সময় অনুযায়ী) সমাজমাধ্যমে এই ছবিটি শেয়ার করেছেন ট্রাম্প। অর্থাৎ ছড়িয়ে পড়া এই মানচিত্রকে দৃশ্যত স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ‘ট্রুথ সোশ্যাল’-এ নিজের হ্যান্ডলে শেয়ার করেছেন তিনি।
বুধবার ট্রাম্প দাবি করেন, মার্কিন নৌবাহিনী হরমুজ় কার্যত অবরুদ্ধ করে ‘অসাধারণ’ কাজ করছে। তাঁর আরও দাবি, তেহরানকে শেষ পর্যন্ত নতিস্বীকার করতেই হবে। ইরান নিজেদের পারমাণবিক কর্মকাণ্ডের উচ্চাকাঙ্ক্ষা না ছাড়লে তাদের সঙ্গে কোনও চুক্তি করা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই অবরোধ এক কথায় অসাধারণ। ১০০ শতাংশ নির্ভুল। নিখুঁত। এটা প্রমাণ করে আমাদের নৌবাহিনী কতটা দক্ষ। আমাদের সঙ্গে কোনও চালাকি করা যাবে না। আমাদের কাছে বিশ্বের সেরা সামরিক বাহিনী রয়েছে।’
তেহরানের সামরিক শক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘ওদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছি। ওদের আর কোনও সামরিক বাহিনী অবশিষ্ট নেই। ওদের নৌসেনা সমুদ্রের তলায় ডুবে গিয়েছে। বিমানবাহিনীও আর আকাশে ওড়ার অবস্থায় নেই। ওদের সামনে একটাই পথ খোলা আছে— হার স্বীকার করে নেওয়া।’