সোমবার | ২৭ এপ্রিল ২০২৬

রাজ্য পুলিশের ডিজির মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

 রাজ্য পুলিশের ডিজির মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

কলকাতা অফিস, ২৭ এপ্রিল – বাংলায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই রাজ্য পুলিশের ডিজি বদল করেছিল নির্বাচন কমিশন। ডিজিপি পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে তার জায়গায় রাজ্যের নতুন ডিজিপি করা হয় সিদ্ধিনাথ গুপ্তাকে। এবার সেই সিদ্ধিনাথের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

            আগামী ৩০ এপ্রিল সিদ্ধিনাথ গুপ্তার অবসর ছিল। ওই মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি হয়েছে। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে এমন নির্দেশই দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির সচিবালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিদ্ধনাথের চাকরির মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। তারা জানিয়েছে, জনস্বার্থে ১৯৫৮ সালের অল ইন্ডিয়া সার্ভিস (ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিটস) আইনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সোমবারই রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালার কাছে চিঠি দিয়ে নির্দেশ পাঠানো হয়েছে।

            রাজ্যে নির্বাচন ঘোষণার পরেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের পদেও বদল আনা হয়। কমিশনের তরফে জানানো হয়, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতেই আমলা ও পুলিশ স্তরে রদবদল করা হয়েছে। এবার রাজ্য পুলিশের ডিজির মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *