রবিবার | ১৯ এপ্রিল ২০২৬

‘ভাইপোর সিন্ডিকেটের’ ভয়ে পালাচ্ছেন শিল্পপতিরা, কটাক্ষ অমিত শাহের

 ‘ভাইপোর সিন্ডিকেটের’ ভয়ে পালাচ্ছেন শিল্পপতিরা, কটাক্ষ অমিত শাহের

দুর্নীতিবাজদের জেলে ভরার হুঁশিয়ারি শাহের

রানীগঞ্জ, ১৩ এপ্রিল – বাংলায় ‘ভাইপোর সিন্ডিকেটের’ ভয়ে শিল্পপতিরা পালিয়ে যাচ্ছেন, সোমবার রানীগঞ্জের সভা থেকে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি বিজেপির সরকার বাংলায় তৈরি হলে এই সিন্ডিকেটরাজ শেষ হবে বলে প্রতিশ্রুতি দিলেন তিনি। হুঁশিয়ারি দিলেন, দুর্নীতির সঙ্গে যুক্তদের ‘উল্টো ঝুলিয়ে সোজা করে’ দেওয়া হবে।

            রানীগঞ্জ থেকে আজ শাহ দাবি করেন, বাংলায় নতুন কোনও শিল্প আসছে না। যে শিল্প রয়েছে তা সিন্ডিকেটরাজের ভয়ে পালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘বাংলায় আজ ভাইপোর সিন্ডেকেটের ভয়ে শিল্পপতিরা পালিয়ে যাচ্ছে। পনেরো বছরে সাত হাজারের বেশি শিল্প বাংলা থেকে চলে গিয়েছে। বালি, গরু পাচার হচ্ছে। বাংলায় আজ সিন্ডিকেটরাজ চলছে। তৃণমূল মানেই তোলাবাজি আর সিন্ডিকেটরাজ। বিজেপির সরকার এলে এই সিন্ডিকেটরাজ শেষ হবে। অপরাধীদের উল্টো ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে। দুর্নীতির সঙ্গে জড়িতদের জেলে পুরে দেওয়া হবে।’

অনুপ্রবেশ ইস্যুতে এদিনও ফের সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রানীগঞ্জের আগে খয়রাশোলের জনসভা থেকে তিনি দাবি করেছেন, বাংলায় অনুপ্রবেশকারীদের রক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহ আজ অভিযোগ করেছেন, গরীবদের সম্পদ অনুপ্রবেশকারীরা ভোগ করছে। আর এইসব অনুপ্রবেশকারীদের বাংলা ছাড়া করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার কথায়, ‘বাংলায় আজ গরীবের সম্পদ ভোগ করছে অনুপ্রবেশকারীরা। আর সেই অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে মমতার সরকার। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বিজেপির সরকার ক্ষমতায় এলে বেছে বেছে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে।’  

            শাহ মনে করিয়ে দেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি কর্মীদের উপর ব্যাপক অত্যাচার হয়েছে। তার জবাব এবারের ভোটে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, ৪ মে-র পর রাজ্যে ‘ডবল ইঞ্জিন সরকার’ গঠিত হবে এবং উন্নয়নের নতুন যুগ শুরু হবে। বীরভূমের সভা থেকে ভোটারদের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৩ এপ্রিল ঘরে বসে থাকবেন না। ৫ মে-র পর আইনের কঠোর প্রয়োগ হবে। বোমার জবাব ব্যালটে দিন, ভয়কে জবাব দিন ভরসা দিয়ে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *