কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল কমিশন
ধাক্কা ঘাসফুল শিবিরে
কলকাতা, ১০ এপ্রিল – বাংলায় ভোটের আবহে ধাক্কা তৃণমূল শিবিরে। আইনি জটের কারণে এবার কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়ন বাতিল হয়ে গেল। শান্তিপুরের জনসভা থেকে গত মঙ্গলবার কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী অভিনবকে পরিচয় করিয়ে দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মুখে অভিনবর ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল। কিন্তু অভিনবর প্রার্থীপদ ঘিরে চরম অনিশ্চয়তা তৈরি হয়।
জানা গিয়েছে, রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি থাকা সংক্রান্ত জটিলতায় জনপ্রতিনিধিত্ব আইনের ৯-এ ধারায় তার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। নির্বাচনী বিধি অনুযায়ী, কোনও ব্যক্তি যদি সরকারের কোনও কাজে সরাসরি ঠিকাদারিতে যুক্ত থাকেন বা সরকারের সঙ্গে তাঁর ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে থাকে, তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে কমিশনের পর্যবেক্ষণ, সরকারি কাজের বরাত বা সরবরাহের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় মনোনয়ন জমা দেওয়া জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী।
অভিনব ভট্টাচার্যের ক্ষেত্রে কমিশনের পর্যবেক্ষণ ছিল, সরকারি কাজের বরাত বা সরবরাহের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় মনোনয়ন জমা দেওয়া আইনের পরিপন্থী। এই ‘স্বার্থের সংঘাত’-এর কারণেই তার আবেদন খারিজ করে দেওয়া হয়। প্রার্থীপদ বাতিলের খবরে স্বভাবতই মুষড়ে পড়েছেন অভিনব। বেশি কথা না বলে শুধু বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ তবে ব্যক্তিগত ধাক্কা সামলে তিনি জানিয়েছেন যে, দলের অনুগত সৈনিক হিসেবে তিনি পাশেই থাকবেন এবং নেতৃত্বের নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ করবেন। এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেই কথা মাথায় রেখে আগে থেকেই ‘প্ল্যান বি’ ভেবে রেখেছিল শাসক দল তৃণমূল। ওই কেন্দ্রে শাসকদলের তরফে বিকল্প প্রার্থী হিসেবে সোমনাথ দত্ত মনোনয়ন জমা দিয়েছিলেন। ফলে এই কেন্দ্রের লড়াইয়ে ময়দান থেকে পিছু হঠছে না শাসক তৃণমূল। এবার সোমনাথের সমর্থনে প্রচারে গতি আনাই চ্যালেঞ্জ ঘাসফুল শিবিরের।