বৃহস্পতিবার | ০৯ এপ্রিল ২০২৬

বিজেপির সঙ্গে হুমায়ুনের হাজার কোটির চুক্তি, ভিডিও ফাঁস করে দাবি তৃণমূলের  

 বিজেপির সঙ্গে হুমায়ুনের হাজার কোটির চুক্তি, ভিডিও ফাঁস করে দাবি তৃণমূলের  

বিপাকে হুমায়ুন!

কলকাতা, ৯ এপ্রিল – আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের সঙ্গে বিজেপির আঁতাঁত রয়েছে বলে এদিন অভিযোগ তুলল তৃণমূল। আর নিজেদের বক্তব্যের সমর্থনে হুয়ায়ুনের একটি ভিডিও ফাঁস করেছে বাংলার শাসক দল। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূলের দাবি, বিজেপির কাছ থেকে ১০০০ কোটি টাকা চেয়েছেন হুমায়ুন।ভিডিয়োটিতে তারিখ উল্লেখ রয়েছে গত বছরের ১৯ ডিসেম্বর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে ভিডিয়োয়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক সংবাদ অনলাইন।

            ভিডিওতে দেখা গিয়েছে, হুমায়ুন কবির কোনো একজনকে বলছেন বিজেপি র কাছ থেকে তিনি হাজার কোটি টাকা চেয়েছেন মুসলিম ভোটকে প্রভাবিত করার জন্য। এরমধ্যে তিনশো কোটি টাকা অগ্রিম চেয়েছেন তিনি। হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে যে বাবরি মসজিদের দাবি তিনি তুলেছেন মুসলিম সমাজের ভাবাবেগকে কাজে লাগানোর জন্য। তিনি আরও বলেন, বাবরি নামের থেকেও মসজিদটা আসল। ভিডিওতে হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে যে পিএমও-র সঙ্গে কথা বলে শুরুতে অসমের মুখ্যমন্ত্রী এবং পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এই কাজে তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন।

            সাংবাদিক সম্মেলনে ফিরহাদ হাকিম বলেন, “মুসলিম ধর্মাবেগকে বিক্রি করছে হুমায়ুন কবির। হাজার কোটি টাকা চাইছে এই কাজ করার জন্য। আমরা এই মুসলমান সমাজের মানুষ কি গরু-ছাগল নাকি বুদ্ধিহীন?” পাল্টা হুমায়ুন দাবি করেছেন, এআই ব্যবহার করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘ওটা এআই করে করা হয়েছে। সরাসরি রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রতীক জৈন, কুণাল ঘোষ, ববি হাকিমেরা সব প্ল্যান করে এটা করছে। প্রমাণ দিক। ১০০০ কোটি তো দূরের কথা, ১ কোটি টাকারও ডিল হয়েছে— এমন প্রমাণ যদি দেখাতে পারে, তা হলে রাজ্যের মানুষ যা বলবে, আমি সমস্ত নির্বাচন থেকে সরে দাঁড়াব।’ এমনকী মামলারও হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। তিনি বলেন, ‘প্রমাণ করতে না-পারলে আমার বিরুদ্ধে মিথ্যা বদনাম দেওয়া এআই ভিডিয়ো করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক, কুণাল ঘোষ, ববি হাকিমের বিরুদ্ধে হাই কোর্টে মামলা করব।’   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *