বুধবার | ০৮ এপ্রিল ২০২৬

ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা তৃণমূলনেত্রীর

 ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা তৃণমূলনেত্রীর

মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৮ এপ্রিল – ‘ডিলিটেড’ ভোটারদের পাশে দাঁড়িয়ে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দিলেন মমতা। সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেওয়ার পরে এসআইআর ইস্যুতে সরব হয়েছেন তিনি।

            তৃণমূলনেত্রী বলেন, ‘দুঃখ নিয়ে বলছি, এত মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তাও সুপ্রিম কোর্টে আমি মামলা করায় ১ কোটি ২০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের নাম উঠেছে। কিন্তু ৫৮ লক্ষ খোলাই হয়নি।’ শুধু তাই নয়, এই প্রসঙ্গে তৃণমূলনেত্রী আরও বলেন, ‘অ্যাডজুডিকেশনের তালিকায় যারা রয়েছেন, তাদের নাম তোলা উচিত বলে মনে করি। এটা সুপ্রিম কোর্টই বলেছিল।’ কিন্তু এর মধ্যেই তালিকা কেন ফ্রিজ করে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলনেত্রী। এর বিরোধিতা করে ফের একবার আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তিনি। মমতার কথায়, ‘ট্রাইবুনাল চলার সময়ে ভোটার তালিকায় ফ্রিজ করে দেওয়ার মানে কী? পরে নাম তুলে কী হবে। ভোটটা তো দিতেই পারবেন না। আমরা আবার আদালতে যাব, বিচার চাইব।’

            হুগলির বলাগড়ের সভা থেকে মমতা আজ বলেন, ‘মানুষ যদি ভোট দিতে না পারে ট্রাইবুনালের দরকার কী? কেন ট্রাইবুনাল তৈরি করেছিলেন। তার পরে বলছেন ফ্রোজেন করে দিলাম। আবার আমরা চ্যালেঞ্জ করব। আমরা জানতে চাইব। জানার অধিকার আছে। মানুষের নাম তোলার অধিকার আছে।’ বুধবার সকালে মনোনয়ন পেশের পর বেরিয়েই ভবানীপুরের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, ‘ভবানীপুরেই আমার ধর্ম-কর্ম, এখানেই ছিলাম, আছি। ভবানীপুর আমার সবকিছু।’ রাজ্যে তৃণমূলই আবার সরকার গড়বে বলে দাবি করেন তিনি। তার পাল্টা ভবানীপুরের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, ‘সেকেন্ড টাইম আবার হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

            কালীঘাট থেকে মিছিল নিয়ে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছবেন তিনি। সেই মতোই এদিন সকাল সাড়ে দশটায় কালীঘাটের বাড়ি থেকে বের হন তিনি। তার অপেক্ষায় জমায়েত করেছিলেন কর্মী-সমর্থকরা। সকলের হাতে ছিল দলের পতাকা, বেলুন। বিরাট মিছিল নিয়ে পৌঁছন আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে। সেখানে মনোনয়ন পেশ করেন তৃণমূল সুপ্রিমো। কিছুটা আবেগপ্রবণ হয়ে মমতা বলেন, ‘আমি ভবানীপুরেই আছি। এখানেই থাকি। এখান থেকেই আমার সবকিছু। ভবানীপুরের মানুষকে আমার প্রণাম। আমরাই সরকার গড়ব। ভবানীপুরের পাশাপাশি ২৯৪ কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলব।’               হুগলির সভা থেকে বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘শুনলেও হাসি পায়, এই বাংলাবিরোধী, বাংলায় ভোট চায়। ওদের রাজ্যে মাছ, মাংস, ডিম বন্ধ। বাঙালি মাছে-ভাতে থাকে। বলছে মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না। তবে কি আমার মাথা খাবে? বিজেপিকে ভোট দেওয়া মানে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ। বাংলা ভাষায় কথা বলা বন্ধ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *