মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬

প্রচারে ঝড় তুলতে বঙ্গে ফের মোদি

 প্রচারে ঝড় তুলতে বঙ্গে ফের মোদি

বঙ্গে ‘মোদি ঝড়ের’ প্রস্তুতি

কলকাতা, ৭ এপ্রিল – ছাব্বিশের ভোটের প্রচারে বাংলায় মোদির একগুচ্ছ কর্মসূচী থাকার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল বঙ্গ বিজেপি সূত্রে। গত রবিবার কোচবিহারের রাসমেলা ময়দান থেকে তৃণমূলকে তুলোধোনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ফের দলের কর্মীদের আরও উজ্জীবিত করতে পয়লা বৈশাখের আগেই লাগাতার কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রীর। জানা গিয়েছে, একদিনে তিনটি সভাও করবেন তিনি।

            দলীয় সূত্রে জানা যাচ্ছে, গোটা নির্বাচনী প্রচারে অন্তত ১৪টি সভা করার পরিকল্পনা রয়েছে মোদির। সেই সূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল তিনটি সভা করবেন। ৯ তারিখ আসানসোল, হলদিয়া ও সিউড়িতে জনসভা রয়েছে মোদির। তার দু’দিন পরে ১১ এপ্রিল জঙ্গিপুর, কাটোয়া এবং বালুরঘাটে পরপর তিনটি সভা করতে পারেন তিনি। ১১ তারিখ রাতে তার শিলিগুড়িতে থাকার কথা। পরদিন ১২ এপ্রিল শিলিগুড়িতে একটি রোড শো করবেন। অর্থাৎ টানা দু’দিন নির্বাচনী প্রচারে বাংলাতেই থাকছেন প্রধানমন্ত্রী।

            জানা যাচ্ছে, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে হলদিয়াতে সমাবেশ করবেন মোদি। একইভাবে একাধিক কর্মসূচী রয়েছে অমিত শাহের। এদিনই উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে রোড শো করেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। আর একটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করার বাকি রয়েছে বিজেপির। সেটা হয়ে গেলেই এবং ৯ এপ্রিল মনোনয়ন জমা শেষ হয়ে গেলেই দলের ইস্তেহার বা সংকল্প পত্র প্রকাশ করবে বঙ্গ বিজেপি। সেই কর্মসূচিতে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের থাকার কথা রয়েছে।

            রবিবার কোচবিহারের সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক মদতে বহিরাগতদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, বর্তমান শাসনব্যবস্থায় রাজ্যের সাধারণ মানুষ ভয়ের পরিবেশে বসবাস করছে। তবে নির্বাচনের পর সেই পরিস্থিতি আর থাকবে না বলেই তার দাবি। তার কথায়, আগামী দিনে রাজ্যে এমন পরিবেশ তৈরি হবে যেখানে মানুষ নিশ্চিন্তে নিজের জীবনযাপন করতে পারবে। এবার ফের একগুচ্ছ কর্মসূচী নিয়ে বাংলায় আসছেন মোদি। যা রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *