সওয়ালকারী মমতাকে দেখতে আদালতে নজিরবিহীন ভিড় আইনজীবী ও মামলাকারীদের
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শীর্ষ আদালতের বেঞ্চের সামনে দাঁড়িয়ে তাঁর বক্তব্য পেশ করেন।
অনলাইন ডেস্ক, কলকাতা: বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে দেখা গেল এক বিরল ও ঐতিহাসিক মুহূর্ত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শীর্ষ আদালতের বেঞ্চের সামনে দাঁড়িয়ে তাঁর বক্তব্য পেশ করেন। এই দৃশ্য প্রত্যক্ষ করতে আদালত কক্ষে ভিড় করেন বহু আইনজীবী ও মামলাকারী।
পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) সংক্রান্ত মামলায় এই শুনানি অনুষ্ঠিত হয়। এদিন সকাল প্রায় ১০টা নাগাদ সাদা শাড়ি ও কালো ওড়না পরে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট চত্বরে পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন একাধিক আইনজীবী, যার মধ্যে তৃণমূল সাংসদ ও প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ছিলেন।
সূত্রের খবর, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কাছ থেকে আগেই প্রয়োজনীয় অনুমতি ও এন্ট্রি পাস নেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর। আদালত চত্বরে প্রবেশ করতেই উপস্থিত সংবাদমাধ্যমকর্মীরা ছবি ও ভিডিও তুলতে শুরু করেন। তবে নিজে সওয়াল করবেন কি না—এই প্রশ্নে কোনও উত্তর দেননি তিনি।
সকাল ১০টা ৫ মিনিটে মুখ্যমন্ত্রী তাঁর আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতির এজলাসে প্রবেশ করে দর্শকাসনে বসেন। পরে দুপুর ১২টা ৫৫ মিনিটে, যখন প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ তাঁর মামলার শুনানি শুরু করে, তখন তাঁকে আইনজীবীদের জন্য নির্ধারিত প্রথম সারিতে বসতে দেখা যায়।
প্রথমে তাঁর পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী শ্যাম দিবান। কিছুক্ষণ পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বক্তব্য রাখার অনুমতি চাইলে বেঞ্চ সেই অনুমতি দেয়। এরপর মুখ্যমন্ত্রী নিজেই আদালতে নিজের যুক্তি তুলে ধরেন।
এই মামলার পরবর্তী শুনানি ৯ ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে। সূত্রের খবর, ওই দিনও মমতা বন্দ্যোপাধ্যায় আবার সুপ্রিম কোর্টে হাজির হতে পারেন।