কলকাতা, ১২ নভেম্বর- এবার কলকাতা হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে এবার মমতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে একটি মামলা দায়ের করে রাজ্য সরকার। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যের তরফে আবেদন জানানো হয়েছে যে, বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করার দায়ে অভিষেকের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননা বা ‘ক্রিমিনাল কনটেম্পট’-এর মামলা শুরু করা উচিত। রাজ্যের আইনজীবী আদালতে সওয়াল করেন যে, রাজনৈতিক আঙিনায় লড়াই চলতেই পারে, কিন্তু সেই লড়াইয়ের মধ্যে কোনওভাবেই দেশের বিচারব্যবস্থাকে টেনে আনা উচিত নয়।
সম্প্রতি নিজের ফেসবুক পেজ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে কালীঘাটে তাঁর বাসভবনের সামনে পুলিশি রেইকি ও নজরদারির অভিযোগ তুলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অভিযোগ, সেই ভিডিওতে সাংসদ এমন কিছু মন্তব্য করেছেন, যা সরাসরি দেশের বিচারব্যবস্থা ও আদালতের মর্যাদাকে চ্যালেঞ্জ জানায়। সেই বক্তব্যের প্রেক্ষিতেই এদিন হাই কোর্টে আদালত অবমাননার অভিযোগ তোলে রাজ্য। এদিনের শুনানিতে অভিষেকের নিরাপত্তা কমানো সংক্রান্ত মূল মামলাটির রায়দান স্থগিত রাখা হলেও, সাংসদের বক্তব্য ঘিরে এজলাসে তীব্র বাদানুবাদ বাধে। সাংসদের আইনজীবী আদালতে জানান, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু সেখানেও চাপ রয়েছে বলে মনে হচ্ছে। নিরাপত্তার মামলাটি যাতে না হয়, তার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। শুনানিতে তিনি আরও বলেন, আদানির মামলা করলে একদিনে শুনানি হয়ে যাচ্ছে, অথচ তাঁর মক্কেলের মামলা তিন মাস ধরে ঝুলে রয়েছে। এই প্রসঙ্গেই বিচারপতিদের একটি অংশ বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছেন বলেও মন্তব্যের প্রসঙ্গ উঠে আসে।
এই মন্তব্যের পরেই চরম অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণা রাও। অত্যন্ত কড়া ভাষায় তিনি অভিষেকের আইনজীবীকে নির্দেশ দেন, কোন কোন বিচারপতি বিজেপির এবং কোন কোন বিচারপতি তৃণমূলের, তার একটি পূর্ণাঙ্গ তালিকা যেন আদালতে পেশ করা হয়। বিচারপতি কড়া সুরে মন্তব্য করেন, ‘আপনার মক্কেলকে জিজ্ঞাসা করুন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন আর কারা নেই! তিনি তো নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তাকে বলুন একটি তালিকা দিতে, আমি তা দেখে নেব।’