বাঁকুড়া, ১২ নভেম্বর– পাহাড়, জঙ্গলের প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করে কোনওভাবেই যে শিল্প গড়া হবে না স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বাঁকুড়ার রাইপুরে বাঁদনা পরবে যোগ দিয়ে তিনি জানিয়ে দিলেন, জঙ্গলমহলে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব শিল্প। এছাড়া জঙ্গলমহলের উন্নতির জন্য আরও বাড়তি ৬ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। দুই শিল্পাঞ্চলকে সংযুক্ত করতে দুর্গাপুর-জামশেদপুর জাতীয় সড়কে সম্প্রসারণ ও জঙ্গলমহলের একটি হাসপাতালে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
পূর্বঘোষণামতো বাঁদনা পরবে বাঁকুড়ার রাইপুরের বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ মাঠের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে আদিবাসী মহিলারা তাঁকে ফোঁটা দেন, পিঠে খাওয়ান। এরপর বক্তব্য রাখতে গিয়ে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এরাই জঙ্গলমহলের মূলবাসী। এদের উন্নতির কথা ভাবতে হবে। আমি আজ কুটুম হিসেবে আপনাদের কাছে এসেছি। পাহাড়, জঙ্গলে হাত দিতে দেব না কাউকে। এখানকার আদিবাসী, মূলবাসীরা প্রকৃতি পুজো করেন। তাদের আবেগে আঘাত দিতে আমি দেব না। আমি বলে দিয়ে যাচ্ছি, পুরুলিয়া আর বাঁকুড়ায় পরিবেশবান্ধব শিল্প হবে। দূষণ হবে না। এর জন্য আমরা কীভাবে জমি নেব, সেসব আপনাদের সবার সঙ্গে আলোচনা করে সরকার ঠিক করবে।”
আরও এক রাজনৈতিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, ‘১৫ তারিখ আবার আসব পুরুলিয়ায়। এখানকার সব সামাজিক সংগঠনকে এক ছাতার তলায় আনব। বাউড়ি, বাগদি, কুড়মি, রাজবংশীদের সংগঠনের সঙ্গে আলোচনায় বসব কীভাবে কী করা যায়। জমি নিয়ে আলোচনা করব। আগেকার সরকার বাউড়ি বনাম বাগদি, কুড়মি বনাম মাহাতো – এভাবে সব ভেদাভেদ করেছিল। ওই বিভাজনের রাজনীতি, তোষণের রাজনীতি আর চলবে না। সবাই এক উন্নয়নের আওতায় থাকবেন। এই সরকার আমার নয়, বিজেপির নয়, এটা আপনাদের সরকার। আপনাদের অধিকার আছে, সেটা আদায় করে নেবেন।”