ইরানের দেওয়ার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান আমেরিকার

ওয়াশিংটন, ২৬ সেপ্টেম্বর : ইরানের দেওয়ার যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাতদিনের জন্য এই যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাতে সাড়া দেয়নি আমেরিকা। আমেরিকার সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট’ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ফের ইরানের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিয়ে মার্কিন প্রশাসনের অন্দরে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

            নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের ৮১তম সাধারণ সভায় যোগ দিতে গিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিলেন ওয়াশিংটনকে। জানিয়েছিলেন, প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সপ্তম দিনের শেষে প্রণালী পুনরায় খোলা হবে। তিনি বলেন, ‘আমাদের তরফে ইতিমধ্যেই সুনির্দিষ্ট প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বার সিদ্ধান্ত নেওয়ার ভার আমেরিকার।’ কিন্তু আরাঘচির ওই মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ হোয়াইট হাউসের সূত্র উদ্ধৃত করে জানায়, ট্রাম্প ইরানের প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন।

            ইরানের বিদেশমন্ত্রীর দেওয়া প্রস্তাবে বলা হয়েছিল, পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যদি হরমুজ় প্রণালীর উপর নৌ অবরোধ তুলে নেয়, তেলের সরবরাহের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং লেবানন-সহ পুরো পশ্চিম এশীয় অঞ্চলে যুদ্ধবিরতি মেনে চলে, তবে তারা সাত দিনের সাময়িক যুদ্ধবিরতির পরেও হরমুজ প্রণালী খুলে রাখবে এবং পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরবে। হোয়াইট হাউসের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প ইরানের দেওয়া প্রস্তাব বাতিল করলেও বড় ধরনের পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করতে অনিচ্ছুক। কারণ, অন্য সম্ভাব্য সঙ্কটের জন্য অস্ত্র ও গোলাবারুদ মজুত রাখা জরুরি বলে তাকে বার্তা দিয়েছে পেন্টাগন।

Sumit Chakraborty: