ওয়াশিংটন, ১১ জুন : হরমুজের পরে এবার ওমান উপকূল। ফের মার্কিন বাহিনীর হামলার মুখে পড়ল আরও একটি বাণিজ্যিক জাহাজ। ওমানের সিনাস বন্দরের কাছে ছিল এই জাহাজটি। সেই সময়েই হামলা হয় বলে জানা যাচ্ছে। ওমানে ভারতীয় দূতাবাস থেকে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, বৃহস্পতিবার একটি জাহাজে ‘হামলা’ হয়েছে। তবে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
ওমানের স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, জাহাজটিতে কয়েক জন ভারতীয় নাবিক রয়েছেন। হামলার কারণে জাহাজটি ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা স্পষ্ট হয়নি। প্রাথমিক ভাবে জানানো হয়েছে যে, নাবিকেরা সকলেই সুরক্ষিত রয়েছেন। গিনি-বিসৌয়ের পতাকাবাহী জাহাজ ‘জলবীর’-এ এই হামলা হয়েছে বলে ওমানের সংবাদমাধ্যমগুলির দাবি। এই নিয়ে তিনটি বাণিজ্যিক জাহাজ মার্কিন বাহিনীর হামলার মুখে পড়ল।
গত ৯ জুন, মঙ্গলবার মার্কিন বাহিনীর হামলার মুখে পড়ে একটি বাণিজ্যিক জাহাজ। সেই হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। পালাউয়ের পতাকাবাহী এমটি সেটেবেলো নামে জাহাজটিকে নিশানা করা হয় বলে অভিযোগ। হামলায় প্রথমে দুই ভারতীয় নাবিকের মৃত্যু নিশ্চিত করা হয়। কিন্তু জাহাজের চিফ ইঞ্জিনিয়ার নিখোঁজ ছিলেন। তবে পরে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, সেই ইঞ্জিনিয়ারেরও মৃত্যু হয়েছে। জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে কয়েক জন ভারতীয়ও রয়েছেন।
বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলায় তিন ভারতীয়ের মৃত্যু অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। এই হামলার নিন্দা করছি আমরা। ওমানে আমাদের দূতাবাস সে দেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে।’