ওয়াশিংটন, ৪ আগস্ট : এবার ইরানের বিরুদ্ধে হামলার জন্য নতুন কৌশল অবলম্বন করতে মার্কিন সেনাদের বার্তা দেওয়া হলো। ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাত চলছে সেই ফেব্রুয়ারী মাস থেকে। পাল্টা জবাব দিচ্ছে ইরানি সেনাও। ইরানকে দমাতে চাপে পড়তে হচ্ছে মার্কিন সেনার। এবার কী তাই হামলার কৌশল বদলের ভাবনা, সেই প্রশ্নই এবার উঠেছে।
নতুন উপায়ে হামলা পথ খুঁজতে সেনাদের বার্তা দেওয়া হয়েছে বলে খবর। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে সেন্টকমের গোয়েন্দা শাখার এক শীর্ষকর্তা সামরিক বিশ্লেষকদের একটি ইমেল পাঠিয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে সৃজনশীল ও অপ্রচলিত কৌশলের প্রস্তাব চান। যত দ্রুত সম্ভব সেই উপায় খুঁজে বার করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে, এই বার্তা দেওয়া হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রশাসনের এক সূত্রের দাবি, ইরানের বিরুদ্ধে রণকৌশল যে বদলানোর প্রয়োজন সেই বিষয়টি স্বীকার করেছে সেন্টকমও।
ওই প্রতিবেদন অনুযায়ী, সেন্টকম-এর মুখপাত্র ক্যাপ্টেন তিমোথি হকিন্স এক বিবৃতিতে জানান, ‘কী ভাবে হামলার ধরন বদলানো যায়, সেন্টকম এ বিষয়ে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে। শত্রুপক্ষকে নাস্তানাবুদ করতে এই ধরনের কৌশলের প্রয়োজন জরুরি। আর সেটাই করবে তারা।’