মস্কো, ২৯ মে : এবার রাশিয়ায় বড়সড় হামলা চালাল ইউক্রেন। বিদ্যুৎকেন্দ্রগুলি নিশানা করে দু’শোর বেশি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে মস্কোর তরফে দাবি করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মস্কো এবং আশপাশের এলাকায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন সেনা। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে বেশিরভাগ ড্রোনকে ধ্বংস করা গিয়েছে বলেও জানানো হয়েছে।
দেশের বসতি এলাকাগুলিকেও নিশানা বানানো হয়েছে বলে মস্কোর দাবি। রস্টভ ওব্লাস অঞ্চলের দক্ষিণে জোরালো হামলা হয়েছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে রাশিয়ার সরকারের তরফে। তবে কারও প্রাণহানি হয়েছে কি না, তা জানায়নি রুশ কর্তৃপক্ষ। দিন ছয়েক আগে ইউক্রেনের রাজধানী কিভ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। তাতে ব্যবহার করেছে আধুনিক দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক। ওই হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন চার জন।
সেসময় ইউক্রেন দাবি করে, ৯০টি ক্ষেপণাস্ত্র এবং ৫০০টি ড্রোন ছোড়া হয় কিভ লক্ষ্য করে। সেনাঘাঁটি ছাড়াও বসতি এলাকাগুলিকে নিশানা বানানো হয় বলে দাবি করে ইউক্রেন। সেই সময় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, কিভের ৪০টি জায়গায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়েছে। বেশ কয়েকটি স্কুল, বহুতল এবং কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন বায়ুসেনার দাবি, এক রাতে ৬০০টি ড্রোন এবং ৯০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ৬০৪টি অস্ত্র তারা গুলি করে নামিয়েছে। তবে সবচেয়ে মারাত্মক ছিল ওরেশনিক। কেন এত ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্র? রাশিয়ার সূত্রেই জানা গিয়েছে, দূর থেকে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ওরেশনিক। ৩,০০০ থেকে ৫,৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।
এবার পাল্টা রাশিয়ায় হামলা চালাল ইউক্রেন। তুরস্কগামী তাদের একটি জাহাজে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন।