গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তি ঘোষণা ট্রাম্পের

ওয়াশিংটন, ৩১ জুলাই : যুদ্ধদীর্ণ গাজায় এবার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ‘ঐতিহাসিক’ চুক্তির কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী, মিশরের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিতে সম্মত হয়েছে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইজরায়েল।

            বৃহস্পতিবার (আমেরিকার স্থানীয় সময় অনুসারে) সমাজমাধ্যমে একটি পোস্ট করে ট্রাম্প জানান, হামাস এবং গাজ়া ভূখণ্ডে সক্রিয় সমস্ত সশস্ত্র গোষ্ঠী অস্ত্র পরিত্যাগ করবে। এই সময়ের মধ্যে গাজ়া থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইজ়রায়েলও। হামাস এবং অন্য গোষ্ঠীগুলির অস্ত্রত্যাগের বিষয়টি সম্পন্ন হলে গাজ়ায় কোনও ইজ়রায়েলি সেনা থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ইজরায়েল গাজ়া থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার পর আন্তর্জাতিক শান্তিবাহিনী (ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স) প্যালেস্টাইনি পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। এই যৌথবাহিনীই গাজ়া এবং সংলগ্ন অঞ্চলের সুরক্ষা এবং নিরাপত্তার দিকটি দেখবে। আগের ঘোষণা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প ফের জানিয়েছেন যে, নতুন প্যালেস্টাইনি সরকার গাজ়া শাসন করবে।

            হামাসের এক শীর্ষস্থানীয় আধিকারিক সংবাদসংস্থা এএফপি-কে বলেন, ‘অস্ত্র রাখার বিষয়ে একটি বোঝাপড়া হয়েছে। এর পাশাপাশি ধাপে ধাপে (ইজ়রায়েলি) বাহিনী প্রত্যাহারের বিষয়েও একটি চুক্তি হয়েছে।’ ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, ‘ইজরায়েলের যে নিরাপত্তা প্রাপ্য, তারা তা পাবে। গাজ়া আর সন্ত্রাসবাদী হামলার ঘাঁটি হবে না।’

Sumit Chakraborty: