পোস্টাল ব্যালটে বাধা সৃষ্টি তৃণমূলের, অভিযোগ অধীরের

মুর্শিদাবাদ, ২০ এপ্রিল – পরিকল্পিতভাবে পোস্টাল ব্যালটে বাধা সৃষ্টি করছে তৃণমূল, এমনই অভিযোগ তুললেন কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরি। বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি।

            অধীরের তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে লেখা হয়েছে, বহরমপুরের ৭২ নম্বর বিধানসভা কেন্দ্রে সার্ভিস ভোটার এবং নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের ভয় দেখানো ও হুমকি দেওয়া হচ্ছে। স্বাধীন ভাবে ভোটাধিকার প্রয়োগে তাঁদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর। অধীরের কথায়, ‘এই আতঙ্কের পরিবেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারছেন না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন হস্তক্ষেপ কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।’ পরিস্থিতির গুরুত্ব বুঝে নির্বাচন কমিশনের কাছে একাধিক দাবি জানিয়েছেন কংগ্রেস প্রার্থী। অবিলম্বে প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া, পোস্টাল ব্যালটে ভোটপ্রক্রিয়া নির্বিঘ্ন করা এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

            এই অভিযোগে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। জেলা তৃণমূলের প্রবীণ নেতা অশোক দাস বলেন, ‘অধীর চৌধুরী মিথ্যে কথা বলতে অত্যন্ত পারদর্শী। তাঁর এমন পারদর্শিতার কথা বহরমপুরের মানুষ ভালই জানেন। তাই তার এমন ভিত্তিহীন অভিযোগের জবাব দেওয়ার কোনও প্রয়োজন নেই।’

            অন্যদিকে, ফের বাংলার প্রচারে আসছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আগামী ২৩ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় তার দুটি গুরুত্বপূর্ণ জনসভা করার কথা ছিল। কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট ও কমিশনের কড়া বিধিনিষেধের গেরোয় সেই সভা ঘিরে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। সোমবার পর্যন্ত মেটিয়াবুরুজ এবং পার্ক সার্কাস ময়দানে সভার অনুমতি না মেলায় কংগ্রেস শিবিরের অন্দরে উদ্বেগের ছায়া স্পষ্ট। কংগ্রেস সূত্রের খবর, সভার অনুমতি চেয়ে আবেদন করা হলেও এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনও সবুজ সংকেত মেলেনি। ফলে শেষ মুহূর্তে যদি সভার অনুমতি না পাওয়া যায়, তবে বিকল্প পথে হাঁটার কথা ভাবছে হাত শিবির।   

Sumit Chakraborty: