কলকাতা অফিস, ২৯ জুন– বিধানসভায় দাঁড়িয়ে এবার নওডার বিধায়ক হুমায়ুন কবীরকে ‘আল্টিমেটাম’ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি তার একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। স্কানিমূলক মন্তব্যের অভিযোগে এজেইউপি নেতার তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, আইনের শাসন কাকে বলে তা এবার টের পাবেন বিতর্কিত এই বিধায়ক। ফলতার জাহাঙ্গির খানের কথা মনে করিয়ে শুভেন্দুর হুঙ্কার, “পুষ্পা বলেছিল, ‘ঝুঁকেগা নেহি’। ভাষা সংযত না করলে ওই নওদার এমএলএটারও একই পরিণতি হবে।”
বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘ও মমতা ব্যানার্জীকে ডিল করেছে, আমাকে ডিল করেনি। আমাকে ডিল করতে হবে ওকে। এমন রূঢ় অ্যাকশন নেব, বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে। নওদার এমএলএ যে ভাষায় কথা বলে, এটা আপনাদের পাপের ফল। আপনাকে কেমন সবক শেখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে।’ সুর চড়িয়ে শুভেন্দু আরও বলেন, ‘আপনাকে পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন (রাজ্যের) মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, বলেছেন।’ মুখ্যমন্ত্রী জানান, ২৬ জুনের ঘটনায় রেজিনগর থানায় কেস ২১৯, ২২৬ রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৫২, ১৯৬, ১৯৭, ২২৪, ২৯৯, ৩৫১ (২), ৩৫২, ৩৫৩ ধারার অধীনে। দ্বিতীয় ঘটনায় শক্তিপুর থানায় ১৭৬/২২৬ এ আর একটি মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা আরোপ করা হয়েছে বলে জানান শুভেন্দু।