কলকাতা, ২৯ জুন- পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) কার্যকর করার লক্ষ্যে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইউসিসি প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই কমিটিকে চার সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী অগস্ট মাসেই সেই সুপারিশের ভিত্তিতে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। সোমবার এই ঘোষণা করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমরাই এ রাজ্যে ইউসিসি বিল আনব। গুজরাট, উত্তরাখণ্ড, অসমের পর। এতে সব সম্প্রদায়ের জন্য এক আইন লাগু হবে। আলাদা আলাদা ধর্মের ভিত্তিতে আলাদা কোনও আইন হবে না।শুধু আদিবাসী,জনজাতিরা এর বাইরে থাকবে।”