রথযাত্রা কমিটিকে আর্থিক অনুদান, শ্রাবণের প্রতি সোমবার জলযাত্রীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৩ জুলাই– এবার রথযাত্রা উৎসবে সরকারি সহায়তা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৬০টি রথযাত্রা কমিটিকে পাঁচ লক্ষ টাকা করে সরকারি সহায়তা দেবে সরকার। এদিন নবান্ন সভাঘরে একটি অনুষ্ঠানে এই সংক্রান্ত এক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই বেশ কয়েকটি রথযাত্রা কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়েছে।

            কটাক্ষের সুরে আজ শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পূর্বতন সরকার যখন শুধু কয়েক জন ট্রাফিক পুলিশ পাঠিয়েই দায়িত্ব সেরেছে, তখন তাঁর সরকার সরাসরি যোগ দেবে উৎসবে। শুধু রথযাত্রা নয়, শ্রাবণ মাসে পুণ্যার্থীদের জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই পরিষেবা প্রদানের জন্য রাজ্যের তিনটি মন্দিরকে বেছে নিয়েছে রাজ্য সরকার। শুভেন্দু জানান, জলযাত্রীদের মাথায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে।

            সোমবার নবান্নে জেলাশাসক, বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন শুভেন্দু। সেই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেয় রথযাত্রা কমিটিগুলিও। সেখানেই শুভেন্দু ঘোষণা করে বলেন, ‘দশকের পর দশক উৎসব হয়, এমন ৬০টি কমিটিকে ৫ লক্ষ টাকা করে সরকারি সহায়তা দেব। এটি আমাদের অংশগ্রহণ।’ তিনি এ-ও জানিয়েছেন, প্রথম বছর কমিটির তালিকা তৈরির ক্ষেত্রে কোনও ত্রুটি হলে যেন ‘ক্ষমাসুন্দর’ দৃষ্টিতে দেখা হয়। তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘আগামী দিনে ত্রুটিহীন তালিকা তৈরি করব। অনেক দূর যাবে (এই বিশেষ ব্যবস্থা)। আজ যে বৃক্ষ রোপিত হল, আগামী দিনে মহীরূহ হবে। ঐতিহ্যে পরিণত হবে।’

            এরপরেই পূর্বতন সরকারকে কটাক্ষের সুরে তিনি বলেন, ‘এত দিন রথযাত্রাগুলিতে সরকারি স্তরে কয়েক জন ট্রাফিক পুলিশ পাঠিয়ে সরকার দায়িত্ব পালন শেষ করত। বর্তমান সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্লোগান— উন্নয়ন এবং ঐতিহ্য, দু’টিকে সামনে রেখে এগোতে চায়। এ বারের রথযাত্রায় সরকারি ভাবে, সক্রিয় ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’

Sumit Chakraborty: