আনন্দিতা সরকার
সোশ্যাল মিডিয়ায় হালকা মেজাজের প্রতিক্রিয়াকেই ঘিরে অনুরাগীদের মধ্যে প্রশ্ন—তবে কি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন জেনিফার? যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা মেলেনি। অনুরাগীরা অবশ্য আশায় বুক বেঁধে আছেন।
ছোট পর্দার জনপ্রিয়তা, গ্ল্যামার এবং ব্যক্তিগত জীবন— এই তিনের মিশেলে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন অভিনেত্রী জেনিফার উইনগেট। দীর্ঘদিন ধরেই তিনি দর্শকদের প্রিয় মুখ, আর তাই তার ব্যক্তিগত জীবনের সামান্য ঘটনাও অনুরাগীদের কৌতূহলের কারণ হয়ে ওঠে। সম্প্রতি ঠিক তেমনই এক ঘটনাকে ঘিরে ফের জোরালো হয়েছে তার বিয়ের জল্পনা।
ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ায়। একটি ওয়েডিং কোরিওগ্রাফি সংস্থার পোস্ট করা ইনস্টাগ্রাম রিল দ্রুত ভাইরাল হয়, যেখানে দেখা যায় একদল মহিলা এক রহস্যময় পুরুষ সঙ্গীর সঙ্গে জমিয়ে নাচ করছেন। পোস্টটির ক্যাপশনে ছিল আকর্ষণীয় আহ্বান— আপনার বিয়েতে এমন আয়োজন চান? কমেন্টে ‘ডান্স’ লিখুন, আমরা আপনাকে ইন্ট্রো লেসন দেব। এই পোস্টেই মজার ছলে জেনিফার মন্তব্য করেছিলেন, ‘ডান্স, প্লিজ’।
এই একটি সাধারণ মন্তব্যই মুহূর্তে আগুনে ঘি ঢেলে দেয়। অনুরাগীদের একাংশ ধরে নেন, অভিনেত্রী হয়তো নিজের বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। পরিস্থিতি আরও রহস্যঘন হয়ে ওঠে, যখন কিছুক্ষণের মধ্যেই জেনিফার তার সেই মন্তব্যটি মুছে দেন। ফলে জল্পনা আরও তীব্র হয়— তবে কি সত্যিই কোনো বড় খবর আড়ালে রয়েছে?
এদিকে, জেনিফারের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। সিঙ্গাপুর-নিবাসী এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে। যদিও এই বিষয়ে অভিনেত্রী কখনো প্রকাশ্যে কিছু বলেননি। ফলে এই সম্পর্কের সত্যতা এখনও অধরাই রয়ে গেছে।
অন্যদিকে, ‘দিল মিল গয়ে’ ধারাবাহিকের সহ-অভিনেতা করণ ওয়াহির সঙ্গে জেনিফারের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন শোনা গিয়েছে। তবে সেই জল্পনায় কার্যত জল ঢেলেছেন করণ নিজেই। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তাদের সম্পর্ক গভীর বন্ধুত্ব ছাড়া আর কিছুই নয়। এমনকী মজার ছলে তিনি এই ধরনের গুজবকে ‘বিনামূল্যে প্রচার’ বলেও উড়িয়ে দেন।
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে ফিরলে, ২০১২ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার। কিন্তু মাত্র দু’বছরের মধ্যেই সেই সম্পর্কের ইতি ঘটে। সেই সময়টি তার জীবনের এক কঠিন অধ্যায় ছিল বলে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনা এবং ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ নায়িকাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। তবে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়ে তিনি আবার কাজের জগতে ফিরে আসেন।
তারপর থেকে জেনিফার তার পেশাগত জীবনেই বেশি মনোযোগী। ‘কসৌটি জিন্দেগি কে’, ‘কুসুম’, ‘দিল মিল গয়ে’-র মতো জনপ্রিয় ধারাবাহিক থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্মে ‘কোড এম’-এর মতো প্রকল্পে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন বারবার।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তার মন্তব্যকে কেন্দ্র করে যে জল্পনা তৈরি হয়েছে, তা নিঃসন্দেহে অনুরাগীদের উত্তেজনা বাড়িয়েছে। অনেকেই আশা করছেন, অভিনেত্রী হয়তো জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। আবার অনেকে এটিকে নিছকই একটি মজার মন্তব্য বলে মনে করছেন।
তবে বাস্তবতা হল—এখনও পর্যন্ত জেনিফার উইনগেটের তরফে বিয়ে নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই আপাতত সবটাই জল্পনার পর্যায়ে। তবুও অনুরাগীদের নজরে এখন একটাই প্রশ্নে আটকে—কবে ‘সিঙ্গল’ থেকে ‘মিঙ্গল’ হবেন তাদের প্রিয় অভিনেত্রী? সময়ই দেবে সেই উত্তর।