ভারতের মাটিতে দাঁড়িয়ে এবার দুই শত্রু দেশকে আক্রমণ পেজেশকিয়ানের

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর : দিল্লিতে দাঁড়িয়ে এবার দুই শত্রু দেশ আমেরিকা ও ইজরায়েলকে তীব্র হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন তিনি। আর সেখানেই তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কোনও হুমকির সামনে মাথা নত করবে না তার দেশ। ভারতের আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

            শুক্রবারই দিল্লি পৌঁছন পেজেশকিয়ান। শনিবার ব্রিকস সম্মেলন। তার আগে মোদির সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকের পর সন্ধ্যার অনুষ্ঠানে ভারতের ধর্মীয় নেতা, বুদ্ধিজীবী এবং ব্যবসায়ীদের সামনে ভাষণ দেন পেজেশকিয়ান। তিনি বলেন, ‘প্রথমেই বলব, এই দারুণ আতিথেয়তার জন্য ভারত সরকার এবং তার প্রধানমন্ত্রীর প্রশংসা আমি না করে পারছি না। আমাদের মধ্যে খুব ভাল আলোচনা হয়েছে। আশা করি এই আলোচনা আমাদের দুই দেশের সম্পর্ক, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, বাণিজ্য, অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার পথ আরও প্রশস্ত করবে। আমরা সম্মিলিত ভাবে এগুলিকে পুনরুজ্জীবিত করে তুলব।’

            ইরান এবং আমেরিকার তীব্র সমালোচনা করেছেন পেজেশকিয়ান। জানিয়েছেন, ওই দুই দেশ ইরানকে ভয় দেখিয়ে বশে আনার চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইরান কখনওই মাথা নত করবে না। বরং রুখে দাঁড়াবে বার বার। তার কথায়, ‘ইজ়রায়েল এবং আমেরিকার বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াতে সক্ষম হয়েছে ইরান। ওরা আমাদের দমিয়ে দিতে চায়। কিন্তু আমরা তা হতে দেব না। আমরা ওদের সামনে কখনও ঝুঁকব না। আমাদের চাপ দিলে আমরা তার পাল্টা জবাব দেব।’ হুঁশিয়ারির সুরে দুই দেশের উদ্দেশ্যে তার বার্তা, ‘আপনারা মানুষ খুন করেন নির্বিচারে, বিজ্ঞানীদের উপর হামলা চালান, স্কুল ও হাসপাতাল আক্রমণ করেন, আর সেই আপনারাই আমাদের সন্ত্রাসবাদী বলেন? দম থাকলে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করুন। কেন সাধারণ মানুষকে মারছেন? ইরানের মানুষ আত্মসমর্পণ করবে না। আমরা মানবতায় বিশ্বাস করি। আমরা মনে করি, যারা বেঁচে আছেন, অর্থাৎ সমগ্র মানবজাতির সর্বত্র সমান অধিকার রয়েছে।’   

Sumit Chakraborty: