ইসলামাবাদ, ৮ আগস্ট : পাকিস্তানে কী ফের সেনা অভ্যুত্থান? সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির মন্তব্যে সেই জল্পনাই সামনে এসেছে। দেশের সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনিরের ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। নকভির একটি মন্তব্যের জেরে প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
পাক স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, পাকিস্তানে সরকারি পরিকাঠামো পুরোপুরি ধসে গিয়েছে। প্রশাসনিক শৃঙ্খল জরাজীর্ণ হয়ে পড়েছে। সরকার ও সমাজের সর্বস্তরে দুর্নীতি ছেয়ে গিয়েছে। সরাসরি তিনি বলেছেন, ‘দেশের যুবসমাজের আশা এবং স্বপ্নপূরণের সুযোগ তৈরি করতে সরকার ব্যর্থ হয়েছে।’ এই মন্তব্য শাহবাজ সরকারের প্রতি অনাস্থারই প্রকাশ বলে মনে করছে পাক সংবাদমাধ্যমের একাংশ। তাৎপর্যপূর্ণ ভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে থাকলেও নকভি পাকিস্তানের কোনও রাজনৈতিক দলের সদস্য নন। পাক পঞ্জাব প্রদেশ থেকে পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচিত এই নেতা মুনিরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই ওই পদ পেয়েছেন বলে মনে করেন অনেকেই।
এর আগে তিনবার পাকিস্তানে সামরিক অভ্যুত্থান হয়েছে। ১৯৫৮, ১৯৭৭ এবং ১৯৯৯ সালে ফিল্ড মার্শাল আয়ুব খান, জেনারেল ইয়াহিয়া খান, জেনারেল জিয়াউল হক, জেনারেল পারভেজ মুশারফের মতো উর্দিধারী একনায়কদের ক্ষমতা দখলের সাক্ষী থেকেছে সে দেশ। পাক স্বরাষ্ট্রমন্ত্রীর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘পাকিস্তানের শাসনব্যবস্থায় সেনাবাহিনীর আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত।’ আর এই মন্তব্যের পরেই সে দেশে সেনা অভ্যুত্থানের বিষয়টি নিয়ে আরও জোরালো জল্পনা শুরু হয়েছে, সিঁদুরে মেঘ দেখছেন পাকিস্তানের আমজনতাও।