দলীয় শৃঙ্খলা না মানলেই কড়া ব্যবস্থা, বার্তা বনসলের

কলকাতা, ২০ নভেম্বর– দলীয় শৃঙ্খলারক্ষায় এবার কড়া বার্তা দিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল। দলের সর্বস্তরের নেতাদের একাধিকবার শৃঙ্খলার পাঠ পড়িয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।  রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দলের একাংশ নেতা-কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। শুক্রবার সল্টলেকের বিজেপি দপ্তরে দলের বৈঠকে তা নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন সুনীল বনসল। সূত্রের খবর, বৈঠকে তার স্পষ্ট বক্তব্য, ‘‘নেতৃত্বের নির্দেশ অমান্য করলে পরতে হবে কড়া শাস্তির মুখে। এমন কোনও আচার-আচরণ করবেন না, যাতে দল ব্যবস্থা নিতে বাধ্য হয়।”

            পুরভোট কবে হবে তা নিয়ে এখনও কোনো আভাস পাওয়া না গেলেও এই ভোটকে কেন্দ্র করে বিজেপির অন্দরে তৎপরতা তুঙ্গে। রাজ্যের জেলায় জেলায় এবার সেবাদূত কর্মসূচীও শুরু করতে চলেছে বিজেপি। মানুযের কাছে সরকারি পরিষেবা ঠিকমতো পৌঁছচ্ছে কিনা সেই বিষয়ে দলের জনপ্রতিনিধিরা খবর নেবেন এই কর্মসূচীতে। কোথাও কোনো অভিযোগ পেলেই তার সমাধান করা হবে।

            এই আবহেই এবার দলীয় বৈঠকে কড়া বার্তা দিয়েছেন বনসল। ৪ মে অর্থাৎ রাজ্যে বিজেপি ক্ষমতাদখলের পর থেকে তৃণমূলের নিচুস্তরের নেতা-কর্মীদের মধ্যে দলবদলে হিড়িক দেখা গিয়েছিল। তবে এ বিষয় সবার আগে কড়া পদক্ষেপের কথা বলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, তৃণমূল থেকে ‘বেনোজল’ ঢুকতে দেওয়া যাবে না। তারপরও অবশ্য এই প্রবাহ থেমে থাকেনি। দেখা গিয়েছে, কোথাও কোথাও বিজেপির একদল নেতার মদতে তৃণমূল থেকে কর্মী-সদস্যরা যোগদান করেছেন। সম্প্রতি জেলায় জেলায় এনিয়ে বিজেপির অন্দরের কোন্দলও প্রকাশ্যে এসেছে। শীর্ষ নেতৃত্বের কাছে স্পষ্ট যে তাঁরা বেনোজল রুখতে যতই কঠোর হোন, নিচুস্তরের সদস্যদের হাত ধরেই সেই নির্দেশ অমান্য হচ্ছে। শুক্রবারের রুদ্ধদ্বার বৈঠকে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘সংগঠনকে এড়িয়ে কিছু করা চলবে না। সংগঠনের বৈঠকে অনেক জায়গায় লক্ষ্য করা গিয়েছে, কোনও কোনও বিধায়করা তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন। নিজে আসছেন না। বিধায়করা না কি খুব ব্যস্ত যে সংগঠনের বৈঠকে আসতে পারছেন না। যদি না আসতে পারেন, তাহলে বৈঠকে প্রতিনিধি পাঠানোর প্রয়োজন নেই।”

Sumit Chakraborty: