কলকাতা, ৩ আগস্ট– সেবাশ্রয় দুর্নীতির সঙ্গে এবার জুড়ে গেল ‘কেরল লবি’-র নাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রান্তিক এলাকার জনগণের চিকিৎসার সুবিধায় ‘সেবাশ্রয়’ শিবির শুরু করেছিলেন। ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার সাতটি বিধানসভা কেন্দ্রেই এই স্বাস্থ্য শিবির হয়েছে বছর দুই ধরে। পরবর্তী সময় জানা যায়, সেবাশ্রয়ের নামে আসলে বিপুল আর্থিক নয়ছয় হয়েছে। ঠিকমতো চিকিৎসা হয়নি অনেকেরই। সেবাশ্রয়ের দুর্নীতির সঙ্গে ‘কেরল লবি’র নাম জুড়ল! ওই বেআইনি অর্থ কেরলের উপনির্বাচনে ব্যবহার করা হয়েছে বলে সম্প্রতি অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার আরও অভিযোগ, কেরলে প্রার্থী দেওয়া থেকে শুরু করে একটি বিচ রিসর্টে বিশেষ বৈঠক হয় এবং তারপরই কালো টাকার নিরাপদ স্থান হিসেবে পরিচিত ইউরোপের কুখ্যাত কেম্যান আইল্যান্ডে তা পাঠানো হয়।
এই ঋত শিবিরের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়ও কেম্যান আইল্যান্ডে তৃণমূলের কালো টাকা পাচারের অভিযোগে মুখ খুলেছিলেন। তদন্তের দাবিও তুলেছিলেন। এবার ঋতব্রত তৃণমূলের ‘কেরল লবি’র যোগসূত্র সামনে নিয়ে এলেন। নিষ্ঠ মহলে ঋতব্রত দাবি করেছেন, এই দুর্নীতি সংক্রান্ত নথিও তার হাতে এসে গিয়েছে। চলতি সপ্তাহে তার অনেকটা প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে এসব ‘হাতেগরম প্রমাণ’ নিয়ে তিনি পাড়ি দেবেন দিল্লিতে।
কালীঘাট তৃণমূল এবং আসল তৃণমূলের সঙ্গে দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে। দলের জোড়াফুল প্রতীক কার হাতে যাবে তা নিয়ে চলছে দড়ি টানাটানি। এই পরিস্থিতি সেবাশ্রয় দুর্নীতিকে সামনে রেখে আসরে নামতে চাইছেন ঋতব্রত।