কবিতা-প্রণেতা

বাসব মৈত্র

তাহলে তোমাকে এবার ছাদের ঘর চেয়ে নিতে হবে।বন্ধুদের সঙ্গে চা ছিল কোনো এক সময়ের সংযোগ সূত্র।
আজ লিকার চায়ের বদলে ছোট্ট ৩টে নিপ।
রাস্তায় নয়। ফুটপাথে নয়।
হ্যালোজেন আলো: এখন লেসবিয়ান নক্ষত্র।
মেয়েদের সিগারেট : মদটা তাহলে সে খাবে কোথায় — এই প্রশ্নের নীরব উত্তরে
জেগে রয়েছে এর ওর তার বাড়ির চিলেকোঠা
বাথরুমের শাওয়ার স্নান।
একা, অথবা দাম্পত্য মদ।অথবা ঘর জোগাড় করা।
ধার : তোমার যৌন অভিব্যক্তি।
সেই যে ধার করে কিনেছিল জামা। বিরক্ত বাবা।
সে টাকা ফেরত দাওনি কোনোদিন।
মহুয়ার নাচ ফিরিয়ে দিয়েছ প্রেমিককে? আহা উষ্ণ চুম্বন
শীতের রাতে প্রেমিক না প্রেমিকা: এই ধন্ধে কেটেছে যে
প্রেমের রুদ্র পলাশ
সে কি ট্রাম লাইনের ধারে বুড়ো জয়দীপের সঙ্গে জমাতে পারবে ভাব?
রুটি সেঁকতে সেঁকতে,ডিম ভুজিয়ার আড়ালে সে ঢালতে দেবে জগে দুই ট্রিপ রাম?
ডেলিভারি ম্যান তুমি কত আগে দিয়েছ জামা। সংসারে দেওয়ার কথা যে টাকা: আমরা তার অর্ধেক মেরে দিয়েছি দেড় ঘণ্টার বাড়িওয়ালার প্রেমে
দেড় ঘণ্টার বাড়িওয়ালা প্রেম: তুমিও তো জানতে মদ আর কন্ডোমের কী বন্ধুত্ব—
নক্ষত্রের মতো টিপ টিপ জ্বলে সেই প্রশ্ন: তাহলে সে মদটা…
তাহলে সে মদটা খাবে কোথায়?
তাহলে বিয়ের আগে সে জানবে না সঙ্গম!!!!বিয়ে না পোশালে সে নতুন প্রেমে জানবে না সঙ্গম!!
ইএমআই-এর টাকা তছনচ হয়ে যায় : এক বাইকে তিনজন
যেদিন প্রেমিকের পিছনে বসি : সেদিন এক অন্য জ্যোৎস্না।
জীবনানন্দের ট্রাম লাইন: জীবনের রক্তপাতে আমরা দেখেছি প্রজ্ঞার আলো
আমাদের অসুস্থ লিভার: তার ওপর দাঁড়িয়ে স্যালারি কাঠামো তোমার:
মদ কি শিল্প নয়? লাখো কর্মচারীর টিপস,ইশতেহার
সোনাগাছির সান্ধ্য হুল্লোড়,
শ্যামবাজারের মোড়, গঙ্গার ধার, লঞ্চ
সারা শহর জুড়ে সিসি টিভি, আলো
ভদকা মেশাতে পারবে না তুমি আর ওই সাদা জলের বোতলে- ক্যামেরায় উঠে যাবে সব।
অন্ধকার মাঠে পুলিশ রেড
ভাঙা পড়েছে তোমার গাজার দোকান: ট্রেন লাইনের নিচে যে বিশু বেচত বিস্তর
তার ভাঙা হোটেলে তুমি আর খুঁজো না বাংলা
রাত ১১টার পর যেও না ব্ল্যাকের সন্ধানে
সিসিটিভি ধরে নেবে মুখ।
স্পট ফাইন: নিয়তি করো না নিজের।
বরং ঘর খোজো।
স্থানীয় যে কজন তারা মিলে দেখো
১২ ফুটের সেই ঘর। এসি-হীন উষ্ণ জঙ্গল।
নাগরিক অরণ্যে মদ খাওয়া বারণ এখন
যৌনতাকে যে কারণে ত্যাজ্য পুত্র করেছি
তাকে টেনে নিয়ে যাও ড্যান্সিং বারে। নিল আলোয় কত সোনালী চুল
ক্লিভেজে তুমি দাওনি পঞ্চাশের নোট, মোবাইল ডিসপ্লেতে চিকেন স্ট্রু-র ইমেজ
স্পা আর মধুচক্র এর যুৎসই আলাপন
এসবই তোমার পায়ের আঙুলে জড়িয়ে যায় ক্রমে।
চিলেকোঠা মদ জিভে জিভে আসক্তি তৈরি করো।
বৃষ্টির ছাঁট যদি ছাতা দিয়ে আড়াল করো
প্রেমিককে চুম্বন : আহা ইজাজত
আমি সেই হলুদ হ্যালোজেন জ্বলা তুমুল শ্মশানের পিছনে
শ্মশান যাত্রীর উল্টোদিকে বসে টুক করে মেরে দিই
অরণ্যের পাপ: যাকে কান্ট্রি লিকার বলে।

Sumit Chakraborty: