ভারতীয় নৌসেনার জাহাজে ধাক্কা পাকিস্তানি জাহাজের, পাক শীর্ষ কূটনীতিককে তলব দিল্লির

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : রুটিনমাফিক টহলদারি চলাকালীন সময়ে এবার ভারতীয় নৌসেনার জাহাজকে ধাক্কা মারল পাকিস্তান নৌসেনার টহলদারি জাহাজ।  আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের জাহাজের সংঘর্ষের ঘটনার পরই দিল্লিতে নিযুক্ত পাক দূতাবাসের শীর্ষ কূটনীতিক সাদ আহমদ ওয়ারিচকে তলব করেছে নয়াদিল্লি। এই ঘটনাকে ‘অপেশাদার এবং গ্রহণযোগ্য নয়’ বলে বার্তাও দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফে।

            ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, উত্তর আরবসাগরে আন্তর্জাতিক জলসীমায় মঙ্গলবার সন্ধ্যায় টহল দিচ্ছিল ভারতীয় নৌসেনা। সেই সময় পাকিস্তানের নৌসেনার টহলদারি একটি জাহাজ দ্রুতগতিতে এসে ধাক্কা মারে ভারতীয় নৌসেনার জাহাজে। যদিও এই ঘটনায় বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। তবে পাকিস্তানি জাহাজের গতি অত্যন্ত বেশি ছিল এবং বিপজ্জনক ভাবে ধাক্কা মারে বলে অভিযোগ।

            এই বিষয়টিকে শুধু একটি নিছক সামুদ্রিক দুর্ঘটনা হিসেবে দেখছে না নয়াদিল্লি। দুই দেশের নৌবাহিনীর জাহাজ জড়িত থাকায় ঘটনাটি কূটনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, পাকিস্তানি নৌবাহিনীর এই আচরণ ১৯৯১ সালের ভারত-পাকিস্তান চুক্তির অনুচ্ছেদ ১০-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ওই চুক্তি অনুযায়ী, সামরিক মহড়া, রণকৌশলগত অনুশীলন বা যুদ্ধজাহাজের টহলদারি চলার আগে সংশ্লিষ্ট দেশগুলিকে আগে থেকে রুট, সময় সব আগাম জানাতে হয়। নিয়ম না মেনে সরাসরি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত।     

Sumit Chakraborty: