কলকাতা, ১১ সেপ্টেম্বর- আদালতের নির্দেশে আপাতত স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণ কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত তার কার্যালয়টি অবিলম্বে খালি করার নির্দেশ দিয়ে রাজ্যের দমকল দফতর যে নোটিস জারি করেছিল, তাতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৬ সেপ্টেম্বর মামলার রায় দেবে বিচারপতি কৃষ্ণ রাওয়ের সিঙ্গল বেঞ্চ।
ক্যামাক স্ট্রিটের সপ্তম এবং অষ্টম তলায় অভিষেকের দফতর। কিছু দিন আগে সেখান থেকে বিলবোর্ড খুলে আনতে গিয়ে কলকাতা পুরসভার আধিকারিকেরা অভিষেক অনুগামীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বলে অভিযোগ। এমনকি, পুলিশের সঙ্গে হাতাহাতিও হয়েছিল। সেই সংক্রান্ত মামলায় হাই কোর্ট হস্তক্ষেপ না করায় কালীঘাট তৃণমূল সুপ্রিম কোর্টে গিয়েছে। তার মধ্যেই দমকল বিভাগ ভবনের মালিককে একটি নোটিস পাঠায়। অভিযোগ, সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনিরোধক ব্যবস্থা যথাযথ নয়। তাই অবিলম্বে তা খালি করতে হবে। এর পর মালিকপক্ষ অভিষেকদের দফতর খালি করার নির্দেশ দেয়। দমকলের ওই নোটিসকেই চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট শিবির।
রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল জানান, এটি প্রশাসনিক সিদ্ধান্ত। এর জন্য আলাদা করে কোনও ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে ভবনের মালিকের পক্ষে সওয়াল করেন আইনজীবী সৌম্য মজুমদার। তার বক্তব্য, সংশ্লিষ্ট লিজ ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। দুই তরফের বক্তব্য শোনার পরে অন্তবর্তী স্থগিতাদেশে আদালত জানিয়ে দেয়, আপাতত ওই নোটিস নিয়ে পদক্ষেপ করতে পারবে না দমকল বিভাগ।