নন্দীগ্রাম, ৩০ সেপ্টেম্বর– মঙ্গলবার কলকাতা হাইকোর্টে থেকে অন্তবর্তী জামিন পেয়েছেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আর বুধবারই তিনি জেলমুক্তির পরে নন্দীগ্রামে প্রচারে নামলেন। হলদিয়া জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ তোলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। তিনি বলেন, ‘চোখে গামছা বেঁধে তুলে নিয়ে যাচ্ছিল, ভাবছিলাম এনকাউন্টার করে দেবে।’
পুলিশ তাকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছিলেন বলেও অভিযোগ মিলনের। আগামী ৬ অক্টোবর রাজ্যের দু’টি আসন রেজিনগর ও নন্দীগ্রামে উপনির্বাচন হতে চলেছে। নন্দীগ্রাম আসন থেকে মিলন প্রধানকে প্রার্থী করেছে কংগ্রেস। সম্প্রতি ১৯ বছরের পুরনো খুনের মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ তোলে কংগ্রেস। এরই মধ্যে নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কংগ্রেস প্রার্থী জামিন নিয়ে শুরু হয় টানাপোড়েন। অবশেষে মঙ্গলবার মিলন প্রধান হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পান।
বুধবার নন্দীগ্রামে প্রচার শুরুর আগে মিলন বলেন, ‘লাশের উপর দাঁড়িয়ে সরকার পরিবর্তন হয়েছে। নন্দীগ্রামের উন্নয়ন বলতে কয়েকটি ঢালাই রাস্তা। এখনও এখানকার মানুষ পুকুরের জল খান। নন্দীগ্রামে যাতে আমি পৌঁছতে না পারি তার জন্য আমাকে জেলবন্দী করে রাখা হয়েছিল। যে জমি আন্দোলন শুভেন্দু অধিকারীকে পরিচিতি দিয়েছে, যে মামলায় তিনি নিজেও আছেন, সেই মামলাতে ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে আমাকে হেনস্তা করা হয়েছে।’