দুর্নীতিতে জিরো টলারেন্স, হেল্পলাইন চালু নবান্নের

কলকাতা, ২৮ জুলাই- দুর্নীতিতে রাজ্য সরকার যে জিরো টলারেন্স অবস্থান নেবে তা আগেই স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই পদক্ষেপকে সামনে রেখে দুর্নীতি রোধে হেল্পলাইন নম্বর চালু করল নবান্ন। অবৈধ টোল থেকে শুরু করে কাটমানি বা বেআইনি মদের ঠেকের সম্পর্কে অভিযোগ জানাতে এই হেল্পলাইনের সাহায্য নিতে পারবেন সাধারণ মানুষ।

            মঙ্গলবার রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে চারটি টোল-ফ্রি নম্বর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে তৈরি করা হচ্ছে কন্ট্রোল রুম। সেখান থেকেই এই টোল-ফ্রি নম্বরে আসা অভিযোগ খতিয়ে দেখা থেকে শুরু করে পরবর্তী পদক্ষেপ করা হবে। সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ফোন করা যাবে এই চারটি নম্বরে। তবে এই সুযোগের অপব্যবহার যাতে না হয় সেই বিষয়েও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। ব্যক্তিগত শত্রুতা বা প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা তথ্য দিলে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

            মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, টোল ফ্রি নম্বরে আসা সমস্ত ফোন রেকর্ড করা হবে। পরে সেই রেকর্ড প্রয়োজনে পুনরুদ্ধার করার ব্যবস্থা থাকবে। প্রাথমিক পর্যায়ে অভিযোগের শ্রেনিবিন্যাসের জন্য কৃত্রিম মেধার ব্যবহার করা হবে। এর পরের ধাপে পুলিশ আধিকারিকরা প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। আবার এ নিয়ে রিপোর্টও পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে।

Sumit Chakraborty: