পুলিশে এক লক্ষ নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৮ আগস্ট- পুলিশে এক লক্ষ নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া ‘এসআইএ’ গঠন, বকেয়া ডিএ-র একাংশ মেটানো থেকে শুরু করে ৭ম বেতন কমিশন বলবৎ করার কথাও জানান। অনুষ্ঠানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী খালি হাতে ভবানী ভবনে আসবেন, এটা হয় নাকি? পরে আরও দেব, ভালভাবে কাজ করুন।’ ভারতে জাতীয় স্তরে গড়ে প্রতি ১ লক্ষ জনসংখ্যায় ১৫৫ জন পুলিশকর্মী থাকলেও পশ্চিমবঙ্গে সেই অনুপাত মাত্র ১০৬। বিপরীতে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের প্রশাসনে এই সংখ্যা প্রতি লাখে ২০০। এই বৈষম্য দূর করতে উত্তরপ্রদেশ মডেলকেই পাথেয় করছে নবান্ন।            

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী কয়েকটি অর্থবর্ষে ধাপে ধাপে রাজ্যে ১ লক্ষ নতুন পুলিশকর্মী নিয়োগ করা হবে। আইনি জটিলতায় থমকে থাকা ৪৭ হাজার শূন্যপদ পূরণের পথ এখন পরিষ্কার। বিধানসভায় ওবিসি সংক্রান্ত বিল পাশ এবং সুপ্রিম কোর্ট থেকে রাজ্য পিছু হটার ফলে সমস্ত আইনি বাধা দূর হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত ১৪ হাজার কনস্টেবলকে আগামী দুর্গাপুজোর আবহেই সরাসরি কর্মক্ষেত্রে যোগদানের নির্দেশ জারি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় তদন্তকারী সংস্থার আদলে রাজ্যে গঠিত হচ্ছে ‘স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি’। এ ছাড়া পুলিশের প্রায় ৪ হাজার পুরনো ও বিমাহীন যানবাহনকে পর্যায়ক্রমে সরিয়ে আধুনিক নতুন গাড়ি আনা হবে।’

Sumit Chakraborty: