কলকাতা অফিস, ১ অক্টোবর– চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতা তৃণমূল কংগ্রেস। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা ওই চারটি অ্যাকাউন্ট ব্যবহার করতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তারা। কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রাখার কথা জানায় শীর্ষ আদালত।
পুলিশ তৃণমূলের ওই চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করেছিল। হাই কোর্ট পুলিশের ওই পদক্ষেপে কোনও হস্তক্ষেপ করেনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চ জানায়, তৃণমূলের প্রতীক ফ্রিজ় করে দিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না আদালত। তার পরেই তৃণমূলের করা মামলাটি খারিজ করে দেন বিচারপতি।