লিটল মাস্টার্স ট্রফি,চ্যাম্পিয়ন আসাম, রানার্স ত্রিপুরা!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি :-বদলা নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বদলা নেওয়া তো দূরের কথা, বিপ্রজিৎরা আসামের বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি। না বোলিং, না ব্যাটিং। দুই বিভাগেই আসামের আয়ুশ পান্ডেরা ত্রিপুরার বিরুদ্ধে একপেশে ম্যাচ খেলে অনূর্ধ্ব-১৪ লিটল মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি নিজেদের হাতে রেখেই ঘরে ফিরছে। অথচ অলক দেব রায়ের কোচিংয়ে গত বছর রাজ্যদল গুয়াহাটিতে আসামের বিরুদ্ধে ব্যাটে-বলে হাড্ডাহাড্ডি লড়াই করে অল্পের জন্য ট্রফিতে ঠোঁট স্পর্শ করার সুযোগ হাতছাড়া করে। কিন্তু বছর ঘুরে দু’দল ফের ফাইনালে ওঠায় গত বছরের পরাজয়ের বদলা এবার হয়তো নেবে বিপ্রজিৎ ও তার সতীর্থরা। এদিন এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরার জয় দেখার জন্য যারা মাঠে এসেছিলেন, তারা রীতিমতো হতাশ হয়েই ঘরে ফেরেন।

আসামের ৪০ ওভারে করা ২৮৬/৬-এর প্রত্যুত্তরে ত্রিপুরার লড়াই ৪০ ওভারে ১২৭/৭-এ থেমে যায়। আসাম ১৫৯ রানের অনায়াস জয় তুলে ট্রফি নিয়েই মাঠ ছাড়ে। ফের রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় ত্রিপুরার খুদে ক্রিকেটারদের।
বৃহস্পতিবারের ম্যাচের উল্লেখযোগ্য ঘটনা ছিল আসামের ওপেনার ব্যাটার তানভীর ইসলামের অনবদ্য শতরান। মূলত তানভীর ইসলামের ৮২ বলে ১১২ রানের ইনিংসটিই এদিন ফাইনাল ম্যাচে দু’দলের মধ্যে ট্রফি জয়ের আসল পার্থক্য গড়ে দেয়।

এর আগে সকালে ত্রিপুরা টসে জিতে আসামকে প্রথম ব্যাট করতে পাঠায়।
তানভীর একদিকে ভালো খেললেও প্রিয়ম কুন্ডু ১৫, কৌস্তভ ২৬, দিসান্ত ১৬ রান করে আউট হয়ে যায়।তানভীর ইসলাম ১১২ রান করে দলীয় ১৯৫/৪ রানের মাথায় উদয়নের বলে আউট হয়ে যায়। ১১টি চার ও ৭টি ছয় ছিল তার ইনিংসে। এর পর বিনয় দেবনাথ ৫৪ বলে অপরাজিত ৬৪ রান করে দলের স্কোর ২৮৬/৭রানে পৌঁছে দেয়। অধিনায়ক আয়ুশ পান্ডে ১৮ রান করে। ত্রিপুরার পক্ষে উদয়ন পাল ৪৮/২ সফল বোলার। জয়ের জন্য দরকার ছিল ৪০ ওভারে ২৮৭ রান। কিন্তু বড় টার্গেটের বিরুদ্ধে ইনিংসের শুরুটা যেমন হওয়ার কথা ছিল, তা করতে পারেনি রাজ্যদল। ৪৪ রানে তিন উইকেট হারিয়ে বসে। উদয়ন পালের ১০৯ বলে দায়িত্বশীল ৫৩ রান সৌজন্যে ১০৫/৫ হলেও এর পর ইতি মিছিল। শেষ পর্যন্ত ৪০ ওভারে ১২৭/৭-এ আটকে যায় দলের ইনিংস। অর্ণব ১৮, অভয় ১৪, বিহান ১১ রান করে লড়াই করলেও পরাজয় ঠেকাতে তা যথেষ্ট ছিল না। আসামের কুণাল ২৭/২, আয়ুশ ৩১/২ ভালো বোলিং করে।

Dainik Digital: