আগামী ছয় মাসের মধ্যে ভোট কলকাতা পুরসভায়, ঘোষণা শুভেন্দুর

কলকাতা, ১৫ জুন- কলকাতা পুরসভার ভোটের দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই মেয়র পদে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। আর সোমবার পুরসভায় প্রথমবার গিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, আগামী ৬ মাসের মধ্যে পুরসভার ভোট হবে। আবার সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে হাজির থাকলেন ফিরহাদ।

            মেয়রের পদত্যাগের পরেই নিয়ম মেনে পুরসভার বোর্ড ভেঙে সেখানে প্রশাসক বসানো হয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, ‘ওরা সবাই মেয়র হতে চায়! নাগরিক পরিষেবা এক মিনিটের জন্যও বন্ধ রাখা যায় না। তাই বাধ্য হয়েছি প্রশাসক বসাতে।’ কলকাতা পুরসভাকে উন্নয়নের জন্য ৬০০ কোটি টাকা দিতে পারেন বলেও জানালেন শুভেন্দু। সেই সঙ্গে পূর্বতন বোর্ড কাজ করেনি বলেও অভিযোগ করেন তিনি। পালাবদলের পর থেকেই রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। ভাঙন ধরেছে পশ্চিমবঙ্গের প্রাক্তন শাসকদল তৃণমূলে। কলকাতা পুরসভা হাতছাড়া হয়েছে তাদের। কবে ফের পুরবোর্ড গঠন হবে, কবে ভোট হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়। এবার সেই জল্পনার অবসান করলেন মুখ্যমন্ত্রী।

            ২০২১ সালের বিধানসভা ভোটের পর ডিসেম্বরে কলকাতা পুরসভার ভোটগ্রহণ হয়। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৭টি জিতে পুরবোর্ড গঠন করেছিল রাজ্যের তৎকালীন শাসকদল তৃণমূল। যদিও সেই সময় বিরোধীদের অভিযোগ ছিল, ব্যাপক ছাপ্পা, রিগিং করে তৃণমূল পুরভোট জিতেছে। রাজ্যে পালাবদলের পর কলকাতা পুরসভায় অচলাবস্থা তৈরি হয়। বিভিন্ন অভিযোগে বেশ কয়েক জন কাউন্সিলর ইতিমধ্যেই গ্রেফতার। কলকাতা পুরসভার ভোট প্রসঙ্গে শুভেন্দু বলেন, “আগামী ৭ ডিসেম্বরের মধ্যেই নতুন বোর্ড গঠন করা হবে। ওয়ার্ডের পুনর্বিন্যাস করা দরকার।  পাশাপাশি যেখানে প্রশাসক রয়েছে সব জায়গায়ই দ্রুত ভোট হোক চাইছি।” এদিন ফের বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার বার্তাই দেন মুখ্যমন্ত্রী। বলেন, “মোদিজি যেভাবে সবাইকে নিয়ে কাজ করেন, আমি সেভাবেই কাজ করব। আজকের অনুষ্ঠানেও বিরোধী দলের জনপ্রতিনিধিদের ডাকা হয়েছে। প্রায় সকলেই এসেছেন। এটাই হওয়া উচিত। রাজনীতি শুধু ভোটের সময়।”

Sumit Chakraborty: