তেহরান, ১৮ জুলাই : আমেরিকার আক্রমণের যে পাল্টা জবাব দেওয়া হবে তা আগেই জানিয়েছিল ইরান। এবার তারই প্রমাণ পাওয়া যাচ্ছে। বিগত এক সপ্তাহ ধরে জর্ডনের সেনাঘাঁটিতে ইরানের লাগাতার হামলায় আহত হলেন বহু মার্কিন সেনা, মার্কিন প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সিবিএস নিউজ। তবে আহতের সংখ্যাটা কত তা এখনও স্পষ্ট নয়।
গত দু’সপ্তাহে পশ্চিম এশিয়ায় ফের বেড়েছে অস্বস্তি। আমেরিকা এবং ইরান দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার ধার বাড়িয়েছে। আমেরিকা ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলিতে মার্কিন সেনাঘাঁটিগুলিকে নিশানা করার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। কাতার এবং জর্ডনে মার্কিন সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে পর পর হামলা চালাচ্ছে তারা। সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই সপ্তাহে জর্ডনে দু’টি মার্কিন বায়ুসেনাঘাঁটিতে হামলা চালায় ইরান। সেই হামলায় আহত হয়েছেন বেশ কিছু মার্কিন সেনা।
ইরানকে আগেই একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপর থেকেই শুরু হয়েছে হামলা। শান্তিচুক্তির বিষয়টিও আটকে গিয়েছে। শুক্রবার রাতে তেহরান লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালায় আমেরিকা। সেই হামলায় তিন জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইরান বাহিনীর। আহত হয়েছেন অনেকে। তেহরানের অভিযোগ, মার্কিন সেনা জনবসতি এলাকাগুলিকে নিশানা করছে ইচ্ছা করে। রাতভর সংঘর্ষ চলে দু’পক্ষের। শনিবার সকালেও মার্কিন হামলা অব্যাহত থাকে। পাশাপাশি, কুয়েতে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সে দেশে বিদ্যুৎ মন্ত্রক জানিয়েছে, ইরানের হামলায় বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ হয়েছে। একটি জল শোধনাগারকেও নিশানা করা হয়েছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয় বলে জানিয়েছে কুয়েত প্রশাসন।