কলকাতা, ৩ জুন – বুধবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। ভোটপর্বে বিজেপির ‘সংকল্পপত্রে’ বাংলার মা বোনেদের অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মাসে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইতিমধ্যে সেই প্রকল্পের ফর্ম প্রকাশ করা হয়েছে। এবার টাকাও দেওয়া শুরু হলো। প্রথম পর্বে এদিন ২৮ লাখ ২৫ হাজার ৭৬৯ জন মহিলার অ্যাকাউন্টে সরাসরি এই টাকা দেওয়া হয়েছে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
নতুন এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে মুখ্যসচিব, অর্থসচিব-সহ সমস্ত আধিকারিকের সহযোগিতায় এই প্রকল্পের সূচনা হল। যারা যোগ্য সবাই এর সুযোগ পাবেন।’ মুখ্যমন্ত্রী আরও জানান, পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে এগোচ্ছে। অনলাইন এবং অফলাইনে এই ফর্ম পাওয়া যাবে। যারা এই ফর্ম পূরণ করতে পারবেন না তাদের বাড়িতে প্রতিনিধি পাঠানো হবে। ফর্ম পূরণের দায়িত্ব সরকারের। আগামী তিন মাস ফর্ম পূরণের প্রক্রিয়া চলবে। সাতদিন অন্তর তালিকা সংশোধনের কাজ করা হবে বলেও এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যারা আবেদন করেছেন, আজ থেকেই সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে তারা টাকা পেয়ে যাবেন। আজ থেকেই অনলাইনে ফর্ম ভরা যাবে বলেও এদিন ঘোষণা করেন মন্ত্রী। তার কথায়, ফর্ম ভরার পাঁচ থেকে সাতদিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে।