হিরানির নতুন সফর

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি এবার পা রাখতে চলেছেন ওটিটির দুনিয়ায়। ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’ এবং ‘পিকে’-এর মতো একাধিক সুপারহিট ও হৃদয়ছোঁয়া ছবি উপহার দেওয়ার পর এবার দীর্ঘ ফরম্যাটের সিরিজ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। জিওহটস্টার ওটিটি প্ল্যাটফর্ম -এর সঙ্গে যৌথভাবে হিরানি তৈরি করছেন তার কেরিয়ারের প্রথম লং-ফরম্যাট ওটিটি সিরিজ ‘প্রিতম অ্যান্ড পেডরো’ । সোমবার, ১৯ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এসেছে সিরিজটির প্রথম ঝলক এবং মুক্তির দিনক্ষণ। পরিচালক রাজকুমার হিরানি জানিয়েছেন, তিনি সবসময় এমন গল্প পছন্দ করেন যেখানে সম্পূর্ণ ভিন্ন দুই মানুষকে একসঙ্গে এসে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেই অর্থে ‘প্রিতম অ্যান্ড পেডরো’-তে রয়েছে প্রচুর হাস্যরস, উষ্ণতা এবং খানিকটা পাগলামিও। সম্ভবত আগামী ৩ জুলাই, ২০২৬ থেকে সিরিজটি স্ট্রিম হবে জিওহটস্টারে।
দক্ষিণী সুপারস্টার রাম চরন –এর বহু প্রতীক্ষিত ছবি ‘পেড্ডি’-কে ঘিরে দর্শকদের উন্মাদনা ক্রমেই বাড়ছে। এর মধ্যেই ছবির কাস্টিং নিয়ে এক চমকপ্রদ তথ্য প্রকাশ করলেন পরিচালক বুচি বাবু সানা। জানা গিয়েছে, ছবির গুরুত্বপূর্ণ নারী চরিত্র ‘আচিয়াম্মা’র জন্য প্রথমে প্রস্তাব গিয়েছিল খুশি কাপুরের কাছে। পরে সেই চরিত্রেই চূড়ান্তভাবে নির্বাচিত হন তার দিদি জাহ্নবী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানান, প্রথমে খুশি কাপুরের কথাই মাথায় এসেছিল। কিন্তু পরবর্তীকালে পরিচালকের মনে হয়, চরিত্রটির তুলনায় খুশিকে অনেকটাই কমবয়সি লাগছে। সেই কারণেই শেষ পর্যন্ত তার পরিবর্তে জাহ্নবীকে নির্বাচন করা হয়। যদিও পরিচালকের কথায়, এমন সিদ্ধান্ত নিতে তাকে সত্যি অনেক ভাবতে হয়েছিল। সূত্রের খবর, পরিচালক পরে জাহ্নবীকেও জিজ্ঞাসা করেছিলেন, এই ঘটনায় খুশি কোনওভাবে কষ্ট পেয়েছেন কিনা। উল্লেখ্য, ‘পেড্ডি’ ছবির হাত ধরেই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন রামচরন এবং জাহ্নবী কাপুর। ১৯৮০-এর দশকের অন্ধ্রপ্রদেশের গ্রামীণ পটভূমিতে তৈরি এই ছবিতে থাকবে স্পোর্টস ড্রামা, অ্যাকশন এবং আবেগের মিশেল। ক্রিকেট ও ভারতীয় ঐতিহ্যবাহী কুস্তিকে কেন্দ্র করেই আবর্তিত হবে ছবির গল্প। ‘পেড্ডি’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে রাম চরণ তার সহ-অভিনেত্রী জাহ্নবী কাপুরের ভূয়সী প্রশংসা করলেন। তিনি জাহ্নবীর প্রস্তুতি এবং ছবিতে তার অনবদ্য অভিনয়ের প্রশংসা করেছেন। অভিনয় গুণে সকলকে অবাক করে দেওয়ার জন্য তাকে ‘ছুপা রুস্তম’ বলে অভিহিত করেন রাম চরণ৷
আনন্দিতা সরকার

Sumit Chakraborty: