গুয়াহাটিতে আজ টাইমস বিজনেস অ্যাওয়ার্ডস-নর্থ ইস্ট!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি :-উত্তর-পূর্ব ভারতের ব্যবসায়িক সাফল্য ও উদ্ভাবনকে সম্মান জানাতে আজ, ৩০ এপ্রিল, আয়োজিত হতে চলেছে ‘টাইমস বিজনেস অ্যাওয়ার্ডস-নর্থ ইস্ট ২০২৬’। টাইমস অফ ইন্ডিয়া-র উদ্যোগে এবং ব্যতিক্রম গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই সম্মানজনক অনুষ্ঠানের এটি তৃতীয় বর্ষ।

সন্ধ্যা ৬টা থেকে গুয়াহাটির খানাপাড়ায় অবস্থিত একটি হোটেলে বসবে এই জাঁকজমকপূর্ণ আসর।
গত দুই বছরে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান উত্তর-পূর্ব ভারতের ব্যবসায়িক পরিসরে বিশেষ গুরুত্ব অর্জন করেছে। বিভিন্ন ক্ষেত্রে সফল উদ্যোক্তা, উদ্ভাবক এবং উদ্যোগীদের সম্মান জানিয়ে এই মঞ্চ ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে এক মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে। আয়োজকদের মতে, এ বছর অনুষ্ঠানটি আগের তুলনায় আরও বৃহত্তর পরিসরে আয়োজন করা হচ্ছে, যাতে উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসায়িক সাফল্যের বহুমাত্রিক দিক তুলে ধরা যায়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বলিউডের বিশিষ্ট অভিনেতা গুলশন গ্রোভার। ‘ব্যাড ম্যান’ ইমেজে জনপ্রিয় এই অভিনেতা দীর্ঘদিন ধরে তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন।

৪০০-রও বেশি চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক স্তরেও তিনি তাঁর অভিনয়ের ছাপ রেখেছেন। তাঁর উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করবে বলেই মনে করছেন আয়োজকরা।

অনুষ্ঠান প্রসঙ্গে ড. সৌমেন ভারতীয়া বলেন, “উত্তর-পূর্ব ভারতের ব্যবসায়িক পরিবেশ আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই অ্যাওয়ার্ড শুধু সম্মান প্রদান নয়, এটি এক অনুপ্রেরণার উৎস। এখানে পরিশ্রম, উদ্ভাবন এবং সাফল্যের গল্প তুলে ধরা হয়।

গত দুই বছরের ধারাবাহিক সাফল্যের ভিত্তিতে এ বছর আরও বৃহত্তর আয়োজন করা হয়েছে।” তিনি আরও জানান, গুলশন গ্রোভারের মতো বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করবে।

Dainik Digital: