কলকাতা, ২৭ অক্টোবর- সাড়ে তিন মাস আগে বারুইপুরের এনকাউন্টারের ঘটনার পরে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেছিলেন, পশ্চিমবঙ্গের পুলিশ চাইলে সবকিছু করতে পারে। আর গাইঘাটার ঘটনার পরেও সেই একই মেজাজে দিলীপ। দৃষ্টান্ত স্থাপনের বার্তা দিয়ে বললেন, মানুষের মনে ভরসা ফেরাতে হলে পুলিশকে কিছু ‘অপ্রিয় কাজ’ করতে হবে। গাইঘাটায় পুলিশি এনকাউন্টারের প্রসঙ্গে মঙ্গলবার সকালে প্রশ্ন করা হয় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপকে। উত্তর দিতে গিয়ে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের প্রসঙ্গও টেনে আনেন মন্ত্রী। তার মন্তব্য, “এর আগেও ঘটনা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায়। খুনি পালাচ্ছিল। এনকাউন্টার হয়েছে। এখানেও (গাইঘাটাতেও) হয়েছে।” এই ধরনের অপরাধ করলে তাকেও যে এমন পরিণতির জন্য তৈরি থাকতে হবে তা স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী। তার কথায়, ‘বিচারের সামনে সবাইকে আনতে হবে। আইনের উপরে কেউ নেই। কিন্তু কেউ যদি আইনকে অমান্য করে, তার সঙ্গে এ রকমই হবে।’
মমতাপন্থী তৃণমূলের বিধায়ক তথা প্রবীণ রাজনীতিক শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন, “এনকাউন্টার করে হয়তো প্রচার পাওয়া যায়। কিন্তু দেশে একটা আইন আছে।” ধর্ষণ সংক্রান্ত অপরাধে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে আইনে সংশোধনের উদ্যোগী হয়েছিল রাজ্য, সে কথাও স্মরণ করিয়ে দেন শোভনদেব।