কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৭ অক্টোবর– গঙ্গা ভাঙণ রোধে এবার দিল্লিতে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করেছিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। সেই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বাইরে বেরিয়ে বাংলার মুখ্যমন্ত্রী জানান, ঘাটাল মাস্টারপ্ল্যানে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে। আইটিআই কানপুর ও আইটিআই রূড়কি পরিকল্পনা তৈরি করবে। ১২টি স্পার তৈরি করা হবে।

            মঙ্গলবারের এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন বিহার ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও। গঙ্গার ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ এবং নদীখাতে পলি তোলার কাজ-সহ একাধিক বিষয়ে বৈঠক হয়। গঙ্গার ভাঙণ বাংলার নানা প্রান্তেই এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গঙ্গায় অতীতে তলিয়ে গিয়েছে বহু বাড়িঘর থেকে শুরু করে বিদ্যালয়। ফলে এই ভাঙণ রোধ করা অত্যন্ত জরুরি। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও দীর্ঘদিন ধরে চর্চা চলছে। রাজ্যের পূর্বতন তৃণমূল সরকার এই মাস্টার প্ল্যানের বাস্তবায়নে কেন্দ্র সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলেছিল। এবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, এই প্রকল্পে কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করবে।

            মালদহে গঙ্গার ব্যাপক ভাঙন চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। এবছরের বর্ষায় কালিয়াচকের ভূতনিচর ভয়াবহ বন্যা দেখেছে। মুখ্যমন্ত্রী পুজোর আগে সেখানে গিয়ে একাধিক ‘উপহার’ দিয়েছিলেন। সম্প্রতি মুখ্যসচিব মনোজ আগরওয়াল মালদহে গিয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন জেলা প্রশাসনের সঙ্গে। তারপর মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন। সূত্রের খবর, বৈঠকে তা নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকের পর বঙ্গে ফিরছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, চলতি আর্থিক বছরে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের জন্য ১,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে বেশিরভাগ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সামগ্রিক প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে শেষ করার কথা। ঘাটাল, চন্দ্রকোনা ও দাসপুরের স্থানীয় বিধায়কদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে।

Sumit Chakraborty: