চিনা রকেটে চড়ে মহাকাশে গেলেন প্রথম পাক নভশ্চর

বেজিং: বুধবার মহাকাশে তিনজন নভশ্চর পাঠাল চিন। তাঁদের মধ্যে দু’জন চিনা নাগরিক এবং একজন পাকিস্তানি। শ্যেনঝু-২৪-এর মাধ্যমে তাঁরা মহাকাশে পৌঁছান। এবং সেখানে ইতিমধ্যে রয়েছেন শ্যেনঝু-২৩-এর অভিযাত্রীরা। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন সদ্য মহাকাশে যাওয়া তিন সদস্য। যে দুই চিনা মহাকাশচারী মহাকাশে পৌঁছেছেন, তাঁরা হলেন ৫১ বছর বয়সী ট্যাং হংবো এবং ৩৯ বছর বয়সী উ ই এবং পাকিস্তানের মহাকাশচারীর নাম মহম্মদ জিসান আলি। জিসানের বয়স ৪০ বছর।
জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে বুধবার সকালে তাঁরা ভূপৃষ্ঠ ছেড়ে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করেন। সফলভাবেই রকেটের সঙ্গে মূল ক্যাপসুলটি বিচ্ছিন্ন হয় এবং সঠিক কক্ষপথে প্রবেশ করে। এরপর সফলভাবেই তাঁরা প্রত্যেকে স্পেস স্টেশনে প্রবেশ করেন। সেখানেই আগে থেকেই থাকা শ্যেনঝু-২৩ মিশনের তিন সদস্যের সঙ্গে দেখা করে ছবিও তোলেন।
চিনের তরফে এটাই প্রথম একটি মহাকাশ অভিযান, যেখানে ভিন দেশের নাগরিক স্থান পেয়েছেন। এবং তাঁকে নিয়েই মহাকাশে পৌঁছে গেল চিনের মহাকাশযান। ফলে এই মিশনটি দ্বিপাক্ষিক সুসম্পর্কের একটি আদর্শ প্রমাণ হিসাবে থাকবে বলে কূটনৈতিক মহল মনে করছে।
মহাকাশযানটি যখন ভূপৃষ্ঠ ছাড়ে, সেই সময় দুই দেশের প্রচুর নাগরিক লঞ্চ প্যাড সংলগ্ন স্থানীয় এলাকায় ভিড় করেছিলেন। পাকিস্তানি নাগরিকরা সেই সময় ‘গড ইজ গ্রেট’ বলে চিৎকার করতে শুরু করেন। পাশাপাশি পাকিস্তান ও চিনের সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক বলেও নিজেদের মত ব্যক্ত করেন।
সংবাদসংস্থা এপি জানিয়েছে, সফলভাবে উৎক্ষেপণের পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং উভয় দেশকে শুভেচ্ছা জানান। এই বিষয়ে চিনের সরকারি টেলিভিশন সিসিটিভিতে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং চিনের স্পেস স্টেশনটিকে নৌকার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, ‘ওই স্পেস স্টেশনটি শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার জন্য পাশাপাশি মহাকাশ গবেষণায় অন্য দেশের সঙ্গেও সৌভ্রাতৃত্বপূর্ণ সহযোগিতা করা হবে।’
ভূপৃষ্ঠ ছাড়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তিন নভশ্চর চিনের তিয়াংগং মহাকাশ কেন্দ্রে পৌঁছান। এদিকে অভিযান শুরু হওয়ার আগে মহম্মদ জিসান আলি সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘চিনা নভশ্চরীদের দলে জায়গা পেয়ে আমি গর্বিত। পাকিস্তানের নাগরিকদের প্রত্যাশাকে সঙ্গে নিয়ে আমি মহাকাশ অভিযানে যাচ্ছি।’
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সফল এই উৎক্ষেপণের পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর কথায়, ‘এই অভিযান দেশের জন্য গর্ব এবং পাকিস্তানের যুবদের উৎসাহ দেবে।’
এই প্রসঙ্গে তিনি এক্স হ্যান্ডেলে একটি টুইটে লেখেন, ‘এটি একজন সাধারণ মহাকাশচারীর মহাকাশযাত্রা নয়। আড়াই কোটি পাকিস্তানির মহাকাশযাত্রা।’

Sumit Chakraborty: