কলকাতা, ১১ সেপ্টেম্বর- রাজ্যে বড় প্রকল্প তৈরি করতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ বা ডিআরডিও)। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির অদূরে জুনপুটে তাদের জমি দেওয়া হচ্ছে। শুক্রবার এ কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ডিআরডিও-র তরফে পূর্ব মেদিনীপুর উপকূলের জুনপুটে একটি বড় প্রকল্প করা হচ্ছে। এ বিষয়ে আমি বিস্তারিত ভাবে পরে জানাব।’
সল্টলেক সিটি সেন্টারে একটি পোশাক বিপণি চেনের অনুষ্ঠানে শুক্রবার শুভেন্দু জানান, বর্তমানে ওই পোশাক গোষ্ঠীর ১১০টি আউটলেট আছে। এরা রাজ্যে আগামী ১৮ মাসে আরও ১৪০ টি আউটলেট বানাবেন বলে কথা দিয়েছেন। তাতে ১৯০০ কোটি টাকা লগ্নি হবে। মোট ২৫০ বিপনিতে ৭০০০ সরাসরি কর্মসংস্থান হবে। পাশাপাশি, এমএসএমই সেক্টরের রোজগারের রাস্তা তৈরি হবে। ২৪ সেপ্টেম্বর গৌতম আদানি আসছেন। পুজোর আগে ৩৩টি সংস্থাকে জমি তুলে দেওয়া হবে। এই বস্ত্র বিপণই গোষ্ঠী পুরুলিয়ায় ১০০০ একর জমিতে সোলার প্ল্যান্ট তৈরি করতে চায়। ইতিমধ্যেই ১০০ একর জমি সংস্থা সরাসরি কিনেছে।