দিঘার জগন্নাথ মন্দির আর ধাম নয়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৯ জুন– দিঘার জগন্নাথ মন্দিরকে ধাম হিসেবে আখ্যা দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই বিতর্কে ইতি পড়ল। এই মন্দির থেকে এবার ‘ধাম’ শব্দটি সরে যাবে বলে মঙ্গলবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে সময় তিনি এই ঘোষণা করেন তখন তার পাশেই ছিলেন ওড়িশার সাংসদ সম্বিত পাত্র। মুখ্যমন্ত্রী জানান, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির চিঠি নিয়ে দূত হয়ে এসেছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। সেই আবেদনে সাড়া দিয়ে মন্ত্রীসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গৃহীত হয়েছে।

            শুভেন্দু আজ জানিয়েছেন, এবার থেকে দিঘার জগন্নাথ মন্দির, শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র নামে পরিচিত হবে। প্রতিদিন নিয়ম মেনেই জগন্নাথ দেবের পুজো হবে। তাতে কোনও ছেদ পড়বে না। আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত চারধামের একটি পুরী। বাকি তিনটি বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বর। তবে তৃণমূল সরকারের আমলে দিঘায় নির্মিত জগন্নাথ মন্দিরে ‘ধাম’ শব্দ যোগ করার প্রবল আপত্তি ওঠে। কোনও মন্দিরকে কী ধাম বলা যায় ওঠে সেই প্রশ্নও। কিন্তু তা তোয়াক্কা না করে তৎকালীন সরকার নাম দেয় শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার।

            ওড়িশার মুখ্যমন্ত্রী তার চিঠিতে জানান, ‘ধাম’ শব্দটি ব্যবহার সনাতন সংস্কৃতির সমর্থক নয়। তা আহত করেছে ওড়িশাবাসী ও জগন্নাথ ভক্তদের। আর পত্রবাহক হিসেবে এদিন নবান্নে হাজির হন সম্বিত পাত্র। সেই চিঠি পাওয়ার পরেই রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সনাতন সংস্কৃতিকে অপমান করেছে তৃণমূল সরকার।দিঘার মন্দিরে সনাতনী সংস্কৃতি মেনেই পুজো হবে। কিন্তু ধাম শব্দটি সরিয়ে দেওয়া হচ্ছে।’

Sumit Chakraborty: