ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিসে কোটি কোটি টাকার হদিশ

ডায়মন্ড হারবার, ৪ নভেম্বর- এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের তৃণমূলের পার্টি অফিসে এবার বিপুল টাকার হদিশ মিলল। তল্লাশি চালিয়ে উদ্ধার হল ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। জমি দুর্নীতি মামলায় বেশ কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে নিজেদের হেফাজতে নেয় ডায়মন্ড হারবার পুলিশ। এরপরেই এদিন সকালে তাঁকে নিয়ে সরিষার একটি পার্টি অফিসে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘ তল্লাশিতে উদ্ধার হয় বিপুল এই নগদ টাকা। কেন সেখানে বান্ডিল বান্ডিল টাকা রাখা হয়েছিল, এই টাকার উৎস কী, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে এই বিষয়ে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। 

            বুধবার সাংবাদিক বৈঠক ডেকে এই তথ্য নিশ্চিত করেছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার। তিনি জানান, সরিষার যে কার্যালয়টি থেকে নগদ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে, সেটি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের কার্যালয় হিসেবে পরিচিত। তবে শামিম এখন ঋতব্রত তৃণমূলে রয়েছেন।

            ক’দিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিষেককে কটাক্ষ করে রসিকতার ছলে বলেছিলেন, অতিরিক্ত আতঙ্কে ওই নেতার ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা’ দেখা দিয়েছে। নিজের আপ্তসহায়ক সুমিত রায়ের গ্রেফতারির বিষয় তুলে ধরে অভিষেক অভিযোগ করেছিলেন যে, মিথ্যে মামলার ফাঁদে ফেলে আড়াই মাসেরও বেশি সময় ধরে সুমিতকে হেফাজতে রাখা হয়েছে এবং এই কাজের বিনিময়ে দু-তিনজন পুলিশ অফিসারকে পুরস্কার দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। অভিষেকের এই বক্তব্য উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী পালটা তোপ দেগে বলেন, “আমার যা মনে হচ্ছে, ওর যে পিএ টাকা তুলত, সে জেরায় সব সত্য উগরে দিয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ তাকে পুলিশ হেফাজতে (পিসি) নিয়ে জিজ্ঞাসাবাদ করায় সব সত্য সামনে চলে এসেছে।”

            শালবনির জমি দুর্নীতি মামলায় কালীঘাটের বাড়ি থেকে সুমিত রায়কে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, কোটি কোটি টাকায় সরকারি জমি বিক্রি করা হয়েছে। তদন্তের মধ্যেই ডায়মন্ড হারবার কালিতলা আশুতি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তার বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সেই মামলাতেই বেশ কিছুদিন সুমিতকে নিজেদের হেফাজতে নেয় জেলা পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে পুলিশের হাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে বলে খবর। জানা যায়, সেই তথ্যের ভিত্তিতে আজ, বুধবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার সরিষায় একটি তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি চালায় পুলিশ। আর তাতেই মিলল এই বিপুল টাকার হদিশ।   

Sumit Chakraborty: