নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন আদালতের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর- নন্দীগ্রাম উপনির্বাচনে অবশেষে স্বস্তি কংগ্রেসের। সেখানকার কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাই কোর্ট। শুধুমাত্র নির্বাচনে লড়াই করার জন্য এই অন্তর্বর্তী জামিন দিচ্ছে আদালত।

            ২০০৭ সালের একটি মামলা সহ ৬ টি মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাচক্রে এই কেন্দ্রে এবার প্রার্থী দেয়নি মমতা তৃণমূল। কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কেন্দ্রে প্রার্থীকে গ্রেফতার করার পরে প্রতিহিংসার রাজনীতির কথা তুলে সরব হয়েছে কংগ্রেস ও তৃণমূল দুই দলই। এবার সেই মামলাতেই কংগ্রেস প্রার্থীকে আপাতত তিন সপ্তাহের জামিন দিয়েছে আদালত।

            মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, তিন সপ্তাহের জন্য মিলন জামিন পাবেন। অর্থাৎ, জেলের বাইরে থেকেই ভোটে লড়তে পারবেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। অন্তর্বর্তী জামিনের মেয়াদ থাকবে আগামী তিন সপ্তাহ পর্যন্ত। ২১ অক্টোবর মামলাটি ফের শুনবে উচ্চ আদালত। মিলনকে আপাতত জামিন দিলেও একগুচ্ছ শর্ত বেঁধে দিয়েছে হাই কোর্ট। নির্বাচনী প্রক্রিয়া শেষ হলেই হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে মিলনকে। সকাল সাড়ে ৮টা ও সন্ধ্যা সাড়ে ৯টায় সংশ্লিষ্ট থানায় ফোন করে তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলতে হবে তাকে।

Sumit Chakraborty: